কন্যা সন্তানের জন্য পোস্ট অফিসের স্কিমপোস্ট অফিসের ঝুঁকিবিহীন বিনিয়োগের দিকে এখন অনেকেই ঝুঁকছেন। নিশ্চিত এই বিনিয়োগগুলি সব শ্রেণীর মানুষদের জন্যই ভীষণভাবে সুবিধাজনক। আট থেকে আশি সবার জন্য পোস্ট অফিসের একাধিক প্রকল্প রয়েছে। তারই মধ্যে মহিলাদের ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ করতে পোস্ট অফিস একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পরিচালনা করে। এই প্রকল্পগুলিতে বিনিয়োগ নিরাপদ বলে মনে করা হয়, কারণ এগুলির উপর কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি থাকে। আপনি যদি আপনার মেয়ের জন্য এমন একটি বিনিয়োগের পরিকল্পনা করেন, যেখানে মূলধন সুরক্ষিত থাকবে এবং প্রতি মাসে নির্দিষ্ট আয়ও পাওয়া যাবে, তাহলে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (POMIS) একটি ভাল বিকল্প হতে পারে। এই মুহূর্তে এই প্রকল্পে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের অন্যতম বড় সুবিধা হল, একবার টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে সুদের অর্থ নিয়মিত আয় হিসেবে পাওয়া যায়। মাত্র ১,০০০ টাকা দিয়ে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায় এবং স্কিমের মেয়াদ ৫ বছর।
কীভাবে বিনিয়োগ করবেন?
এই প্রকল্পে একটি সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে মোট বিনিয়োগ নির্ধারিত সীমার বেশি হতে পারবে না। ধরে নিন, যদি কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বর্তমান ৭.৪% বার্ষিক সুদের হারে বছরে প্রায় ৩৭,০০০ টাকা সুদ পাবেন। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৩,০৮৩ টাকা তাঁর অ্যাকাউন্টে জমা হবে।
কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?
এই প্রকল্পে শুধুমাত্র ভারতের বাসিন্দা নাগরিকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে সিঙ্গল অ্যাকাউন্ট খুলতে পারেন।
সর্বাধিক তিনজন প্রাপ্তবয়স্ক মিলে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। বাবা-মা বা আইনগত অভিভাবক নাবালক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। মানসিকভাবে অসুস্থ ব্যক্তির পক্ষ থেকেও অনুমোদিত অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছর বা তার বেশি বয়সের নাবালক নিজের নামে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে।
কখন টাকা তোলা যাবে?
এই প্রকল্পের লক-ইন পিরিয়ড ৫ বছর। তবে প্রয়োজন হলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে মেয়াদপূর্তির আগেও অ্যাকাউন্ট বন্ধ করা যায়। নিয়মগুলি হল---
১) অ্যাকাউন্ট খোলার এক বছরের আগে টাকা তোলা যাবে না।
২) এক বছর পূর্ণ হওয়ার পর কিন্তু তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে জমা অর্থের ২% কেটে নেওয়া হবে।
৩) তিন বছর পর কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে ১% কেটে নেওয়া হবে।
প্রতি মাসের সুদের টাকা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বা ECS-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে কোনও মাসে সুদের টাকা না তুললে সেই অর্থের উপর অতিরিক্ত সুদ দেওয়া হয় না
হিসাবটা বুঝে নিন
ধরুন, আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে (POMIS) ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। বর্তমান ৭.৪% বার্ষিক সুদের হারে বছরে প্রায় ৭৪,০০০ টাকা সুদ পাবেন। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৬,১৬৭ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষে আপনার ১০ লক্ষ টাকার সম্পূর্ণ মূলধন ফেরত দেওয়া হবে। আর প্রতি মাসে পাওয়া সুদের অর্থ আপনি সংসারের নিয়মিত খরচ, মেয়ের পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, যদি কেউ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বর্তমান সুদের হারে প্রতি মাসে প্রায় ৩,০৮৩ টাকা আয় হবে। পাঁচ বছর শেষে সম্পূর্ণ মূলধনও ফেরত পাওয়া যাবে।
মেয়েদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
যেসব বাবা-মা তাঁদের মেয়ের নামে এমন একটি বিনিয়োগ করতে চান, যেখান থেকে প্রতি মাসে নিশ্চিত আয় পাওয়া যাবে, তাঁদের জন্য এই প্রকল্পটি বেশ উপযোগী। প্রতি মাসে পাওয়া সুদের অর্থ মেয়ের পড়াশোনা, কোচিং, বই কেনা বা অন্যান্য শিক্ষার খরচে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি, পাঁচ বছর পরে পুরো মূলধন ফেরত পাওয়া যায়, যা উচ্চশিক্ষা বা ভবিষ্যতের বড় কোনও আর্থিক প্রয়োজনে কাজে লাগানো সম্ভব। যেসব পরিবার ঝুঁকি ছাড়াই নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত মাসিক আয় চান, তাঁদের জন্য পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (POMIS) একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।