ঠিক কত টাকা রাখলে, কত ইন্টারেস্ট পাবেন, তার হিসাব অনেকের কাছেই নেই। তাঁদের জন্যই এই প্রতিবেদন। Post Office Monthly Income Scheme: মাসের এক তারিখ। ঘুম থেকে উঠলেন। অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ঢুকে গেল। শুনে বিশ্বাস হচ্ছে না? আসলে চাইলেই এমন স্কিমে টাকা রাখা যায়। তাও আবার সরকারি গ্যারান্টি সহ। এমনই স্কিম রয়েছে পোস্ট অফিসে। সেই স্কিমে এককালীন টাকা জমা রাখলেই প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। স্কিমের নাম পোস্ট অফিসের Monthly Income Scheme বা POMIS। ভাবছেন এ আর নতুন কী? কিন্তু মজার বিষয়টি হল, ঠিক কত টাকা রাখলে, কত ইন্টারেস্ট পাবেন, তার হিসাব অনেকের কাছেই নেই। তাঁদের জন্যই এই প্রতিবেদন।
বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে সরকারি সুরক্ষায় স্থায়ী রিটার্ন। এটাই এই স্কিমের USP। এই স্কিমে এক বার টাকা জমা রাখলেই নির্দিষ্ট সুদের ভিত্তিতে প্রতি মাসে আয় করা সম্ভব।
বর্তমানে পোস্ট অফিস Monthly Income Scheme-এ বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন। এই সুদের টাকাই প্রতি মাসে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা পড়ে। স্কিমের মেয়াদ ৫ বছর। অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত নিয়মিত প্রতি মাসে টাকা ঢুকতে থাকবে আপনার অ্যাকাউন্টে।
এই স্কিমে একজন ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা। অর্থাৎ স্বামী-স্ত্রী বা পরিবারের দু’জন মিলে যৌথভাবে অ্যাকাউন্ট খুললে বেশি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে।
হিসাব অনুযায়ী, যদি কেউ জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তা হলে বর্তমান সুদের হারে প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা আয় হতে পারে। বছরে সুদ বাবদ আয় দাঁড়াবে প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকা। পাঁচ বছর ধরে শুধু সুদ থেকেই মোট প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার টাকা পাওয়া সম্ভব।
এই কারণেই বহু মানুষ এখন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের পাশাপাশি পোস্ট অফিসের এই স্কিমের দিকেও ঝুঁকছেন। কারণ এতে বাজারের ওঠানামার ঝুঁকি নেই। সরকারি সুরক্ষাও রয়েছে।
তবে এই স্কিমের কিছু নিয়মও রয়েছে। অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে তা বন্ধ করা যায় না। যদি তিন বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করা হয়, তা হলে জমা টাকার ২ শতাংশ কেটে নেওয়া হবে। বাকি টাকা ফেরত দেওয়া হবে বিনিয়োগকারীকে।
বিশেষজ্ঞদের মতে, যাঁরা মাসিক নির্দিষ্ট আয় চান এবং ঝুঁকিহীন সঞ্চয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য পোস্ট অফিসের Monthly Income Scheme ভাল অপশন হতে পারে। বিশেষত অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহবধূ বা স্থায়ী আয়ের উৎস খুঁজছেন, এমন বিনিয়োগকারীদের জন্য এই প্রকল্প নিঃসন্দেহে বেশ ভাল।