পোস্ট অফিস মাসিক স্কিমপ্রতিটি ব্যক্তি চায় তাঁদের উপার্জন থেকে কিছু টাকা সঞ্চয় করে এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে কোনও ঝুঁকি ছাড়াই ভাল রিটার্ন পাওয়া যাবে। কেউ ইনভেস্টমেন্টের নিশ্চিত রিটার্ন চান, তাহলে তার জন্য সরকারি ইনভেস্টমেন্ট স্কিম, বিশেষ করে পোস্ট অফিসের (Post Office) স্কিমগুলি উপযোগী হতে পারে। নিশ্চিত রিটার্নের সঙ্গে পোস্ট অফিসের একাধিক স্কিম খুবই জনপ্রিয়। তার মধ্যে অন্যতম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)। বিনিয়োগকারীরা এই স্কিম থেকে লাভবান হতে পারেন। আর একবার ইনভেস্ট করলে দীর্ঘ সময় ধরে এটি থেকে যথেষ্ট পরিমাণে আয় করা যায়। চলুন তাহলে পোস্ট অফিসের এই স্কিমটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
এই স্কিমের সুবিধা
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের অধীনে ১০ বছরের বেশি বয়সের শিশুদের নামেও অ্যাকাউন্ট খোলা যায়। কোনো ব্যক্তি যদি নিজের সন্তানদের নামে এই অ্যাকাউন্টটি খোলেন, তাহলে অর্জিত মাসিক সুদ দিয়ে সন্তানের পড়াশোনার ফিও দিতে পারবেন। এই সরকারি প্রকল্পটি সেইসব দম্পতিদের জন্য উপযুক্ত, যারা বিয়ের পর একটি স্থিতিশীল আর্থিক ভবিষ্যত পরিকল্পনা করতে চান।
কত বিনিয়োগ করা যায়?
পোস্ট অফিস MIS-এর অধীনে নুন্যতম ১,০০০ টাকা বিনিয়োগ করে একটি অ্যাকাউন্ট খোলা যায়। একক এবং যৌথ উভয়ভাবেই অ্যাকাউন্ট খোলা যাবে। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং যৌথভাবে অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। MIS-এ মাসিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। যে কোনও ভারতীয় নাগরিক পোস্ট অফিস MIS-এ বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিস এই স্কিমের অধীনে বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ অফার করে। এমনিতে স্কিমটির মেয়াদ ৫ বছর, তবে নতুন ইন্টারেস্ট রেটের সাথে এটি আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
বার্ষিক সুদ কত?
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে জমা করা অর্থের ওপর পাওয়া বার্ষিক সুদ ১২টি কিস্তিতে ভাগ করে প্রতি মাসে গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়ে। এবার গ্রাহক যদি প্রতি মাসে টাকা না তোলেন, তাহলে সেটা তার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে জমা হবে এবং মেয়াদপূর্তিতে মূলধনের সাথে যোগ করা হবে। যদি কেউ ১৫ লক্ষ টাকা দিয়ে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন, তাহলে তার বার্ষিক সুদ হবে ১,১১,০০০ টাকা। আর এর থেকে মাসিক আয় হবে প্রায় ৯,২৫০ টাকা। অন্যদিকে, ৯ লক্ষ টাকার একটি সিঙ্গেল অ্যাকাউন্টে বার্ষিক সুদ হবে ৬৬,৬০০ টাকা। এর থেকে প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা আয় হবে। স্ত্রী বা স্বামীর সঙ্গে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুললে প্রতি মাসে ৯,২৫০ টাকা আয় হবে এবং এতে কোনও ঝুঁকি থাকবে না।