PM Awas Yojna Urban 2.0: গ্রামের পর শহরের লোকেদেরও ঘর, Home Loan এ 4% ভর্তুকি

জমি আছে, কিন্তু টাকা নেই? বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তার সুযোগ দেখতে পারেন। জমি নেই? সাশ্রয়ী মূল্যের বাড়ির মডেলে আপনার যোগ্যতা রয়েছে কি না, তা যাচাই করতে পারেন।

Advertisement
গ্রামের পর শহরের লোকেদেরও ঘর, Home Loan এ 4% ভর্তুকিপিএম আবাস যোজনা
হাইলাইটস
  • বাড়ি কেনার জন্য লোন নিতে চান?
  • সুদের ভর্তুকি সংক্রান্ত সুবিধা।

শহরে ভাড়ার বাড়িতে থাকা লক্ষ লক্ষ পরিবারের কাছে নিজের বাড়ি কেনা এখনও বড় চ্যালেঞ্জ। জমি নেই, বা বাড়ি কেনার মতো পর্যাপ্ত টাকা নেই। নিজের বাড়ি হবে কীভাবে? গ্রামে তো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বাড়ি মেলে। শহরের লোকেরা কী করবেন? শহরবাসীর জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ (PMAY-U 2.0)-তে শহরেও বাড়ির মালিক হতে পারেন। এই প্রকল্প শুধু বাড়ি তৈরি বা কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। ভাড়ায় থাকা পরিবারগুলির জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা।

PMAY 2.0-এর আওতায় প্রায় ১ কোটি শহুরে পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে প্রায় ২.৩০ লক্ষ কোটি টাকা সরাসরি আর্থিক সাহায্য হিসাবে দেওয়া হবে। প্রকল্পের মূল লক্ষ্য শহরের গরিব এবং মধ্যবিত্ত পরিবারগুলি। যোগ্য পরিবার নিজেদের প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী বাড়ি তৈরি, নতুন বাড়ি কেনা বা সাশ্রয়ী ভাড়ার বাড়ির বিকল্প বেছে নিতে পারেন।

জমি আছে, কিন্তু বাড়ি তৈরির টাকা নেই?

শহরে নিজের জমি রয়েছে, কিন্তু সেই জমিতে পাকা বাড়ি তৈরির মতো পর্যাপ্ত টাকা নেই? এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্যের ব্যবস্থা রয়েছে। নিজের জমিতে নতুন পাকা বাড়ি তৈরি করতে ইচ্ছুক যোগ্য পরিবার সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সহায়তা পাবেন। অর্থাৎ জমি আগে থেকেই থাকলে সরকারি সাহায্যে নিজের বাড়ি তৈরি করতে পারেন।

জমি না থাকলে কী হবে?

শহরাঞ্চলে এমন পরিবারের সংখ্যাও কম নয়, যাদের নিজেদের কোনও জমি নেই। এই প্রকল্পের আওতায় বেসরকারি এবং সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরি করানো হবে। এর মধ্যে অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির (EWS) যোগ্য পরিবারগুলির জন্য প্রতি বাড়িতে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সহায়তার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ নিজের জমি নেই মানেই যে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, তা নয়। যোগ্যতার শর্ত পূরণ করলে বাড়ি পাবেন। 

Advertisement

ভাড়ায় থাকা মানুষদের জন্যও ব্যবস্থা

PMAY 2.0-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভাড়ার বাড়ির ব্যবস্থা। শহরে চাকরি বা কাজের জন্য আসা এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের পক্ষে এই মুহূর্তে নিজের বাড়ি কেনা সম্ভব নয়। তাঁদের জন্য সাশ্রয়ী ভাড়ার বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থায় পরিযায়ী শ্রমিক, শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মরত মহিলা এবং শহরের দরিদ্র শ্রেণির মানুষের কথা বিবেচনা করা হয়েছে। অর্থাৎ কোনও পরিবার বা ব্যক্তি শহরে থেকে নিয়মিত বাড়ি ভাড়া দিলেও, এই প্রকল্পে তাঁর জন্য আবাসনের সুযোগ রাখা হয়েছে।

বাড়ি কেনার জন্য ঋণ

বাড়ি কেনার জন্য কিছু টাকা রয়েছে, কিন্তু বাকি অর্থের জন্য হোম লোন নিতে হবে? সে ক্ষেত্রেও এই প্রকল্প সাহায্য করতে পারে। যোগ্য উপভোক্তাদের ৮ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের উপর বছরে ৪ শতাংশ হারে সুদে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর ফলে সর্বোচ্চ ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে।

এই প্রকল্পে শুধু নিজের জমিতে বাড়ি তৈরি করতে চাওয়া মানুষদেরই সুবিধা দেওয়া হচ্ছে না। হোম লোন নিয়ে বাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছেন, এমন যোগ্য পরিবারগুলিও আর্থিক সাহায্য পাবেন।

বার্ষিক আয় কত?

প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ২.০-এর সুবিধা পাওয়ার জন্য শুধু শহরে বসবাস করলেই হবে না। পরিবারের বার্ষিক আয়ও নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। প্রকল্পে তিনটি আয় শ্রেণি রাখা হয়েছে

বছরে ৩ লক্ষ টাকা পর্যন্ত 
বছরে ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত 
বছরে ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত

তাই আবেদন করার আগে বা প্রকল্পের সুবিধা নেওয়ার আগে নিজের বার্ষিক আয় এবং প্রকল্পের যোগ্যতার শর্তগুলি ভাল ভাবে যাচাই করে নেওয়া জরুরি।

আপনার জন্য কোন বিকল্প?

আপনি যদি শহরাঞ্চলে থাকেন, তা হলে প্রথমেই নিজের পরিস্থিতি বুঝে নিতে হবে। শহরে বসবাসকারী পরিবারগুলির আবাসনের প্রয়োজন মেটাতে সরকার একটিমাত্র বিকল্প রাখেনি সরকার। জমি থাকুক বা না থাকুক, নিজের বাড়ি তৈরি, বাড়ি কেনা বা সাশ্রয়ী ভাড়ার আবাসন, প্রতিটি ক্ষেত্রেই যোগ্য পরিবারের জন্য আলাদা সুযোগ রাখা হয়েছে।

TAGS:
POST A COMMENT
Advertisement