
১ মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় রেলের জনপ্রিয় ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপ। তার পরিবর্তে চালু হয়েছে নতুন ‘রেল ওয়ান’ অ্যাপ, যেখানে এক প্ল্যাটফর্মেই মিলবে রেলের প্রায় সব পরিষেবা। ফলে একাধিক অ্যাপ ডাউনলোড ও আলাদা আলাদা লগ-ইনের ঝক্কি থেকে মুক্তি পাবেন যাত্রীরা।
এতদিন দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত বার্থ বুক করতে ব্যবহার করতে হত ‘আইআরসিটিসি রেল কানেক্ট’ অ্যাপ, লোকাল ট্রেনের টিকিট কাটতে ‘ইউটিএস অন মোবাইল’ এবং ট্রেনের অবস্থান জানতে আলাদা অ্যাপ। একাধিক পাসওয়ার্ড মনে রাখা ও বারবার লগ-ইনের ঝামেলায় পড়তে হত অনেককেই। এবার সেই জটিলতা কাটাতে সব পরিষেবা একত্রিত করা হয়েছে ‘রেল ওয়ান’ অ্যাপে। ১ মার্চ থেকে ধাপে ধাপে পুরনো অ্যাপগুলি তুলে নেওয়া হবে।
নতুন এই অ্যাপের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং, তৎকাল সংরক্ষণ, প্ল্যাটফর্ম টিকিট, মাসিক টিকিট—সবই করা যাবে। তৎকাল বুকিংয়ের সময় পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখে রাখা হয়েছে ‘লিগ্যাসি লগ-ইন’ সুবিধা। অর্থাৎ, আগের আইআরসিটিসি বা ইউটিএস ব্যবহারকারীরা তাঁদের পুরনো লগ-ইন তথ্য ব্যবহার করেই পরিষেবা নিতে পারবেন।
এছাড়াও ট্রেনে খাবার অর্ডার, ‘রেল মদত’-এর মাধ্যমে অভিযোগ বা সহায়তা চাওয়া, এসব ব্যবস্থাও রয়েছে এই অ্যাপে। যাত্রীদের সুবিধার জন্য রূপান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। ভুয়ো বা নকল অ্যাপ চিহ্নিত করতে নিয়মিত নজরদারিও চালানো হবে।
রেলের পরামর্শ, মোবাইল থেকে পুরনো রেল-সংক্রান্ত অ্যাপগুলি মুছে দিয়ে ‘রেল ওয়ান’ ডাউনলোড করুন। ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে নতুন অ্যাপটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে।