বিনা টিকিটে ট্রেনে উঠলেই এবার ডাবল ফাইন, কত টাকা জানুন

বিনা টিকিটে যাত্রা নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিল পূর্ব রেলওয়ে। অবৈধ যাত্রীদের পাকড়াও করলেই এবার আদায় করা হবে ডাবল জরিমানা। ২৫০ টাকা থেকে চার্জ বাড়িয়ে করা হচ্ছে ৫০০ টাকা।

Advertisement
বিনা টিকিটে ট্রেনে উঠলেই এবার ডাবল ফাইন, কত টাকা জানুনফাইনের পরিমাণ দ্বিগুণ করল রেল
হাইলাইটস
  • বিনা টিকিটে যাত্রা রুখতে আরও কঠোর সিদ্ধান্ত নিল রেলবোর্ড।
  • অবৈধ যাত্রীদের পাকড়াও করলেই এবার আদায় করা হবে ডাবল জরিমানা।
  • রেলসূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এই নয়া নিয়ম লাগু হতে চলেছে।

বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার বিনা টিকিটে যাত্রা রুখতে আরও কঠোর সিদ্ধান্ত নিল রেলবোর্ড। অবৈধ যাত্রীদের পাকড়াও করলেই এবার আদায় করা হবে ডাবল জরিমানা। রেলসূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এই নয়া নিয়ম লাগু হতে চলেছে।

টিকিট ছাড়া সফরে জরিমানা দ্বিগুণ

জন বিশ্বাস অ্যাক্ট, ২০২৬-এর আওতায় পুরনো রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ১৩৭ এবং ১৩৮ ধারার সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছে ৫০০ টাকা। অর্থাৎ বিনা টিকিটের যাত্রীদের ফাইন ২৫০ টাকা থেকে বেড়ে দিতে হবে ৫০০ টাকা।

রেলের নতুন নিয়মের আওতায় টিকিটবিহীন বলতে শুধুমাত্র টিকিট ছাড়া যাত্রীদের বোঝানো হয় না। যদি কোনও যাত্রী বিনা টিকিটে রেল পরিসরে ভ্রমণ করে, অথবা নির্দিষ্ট তারিখ অতিবাহিত হওয়া টিকিট বা পাস দিয়ে যাত্রা করেন, সেক্ষেত্রে তাঁকেও বিনা টিকিটের যাত্রী বলে গণ্য করা হবে। এক্ষেত্রেও জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা।   

টিকিট চেকিং রাজস্বে উল্লেখযোগ্য বৃদ্ধি পূর্ব রেলের

২০২৬ সালের মে মাসে পূর্ব রেলের টিকিট চেকিং থেকে আয় হয়েছে প্রায় ১৩.০৫ কোটি টাকা। যা ২০২৫ সালের মে মাসে ছিল ৮.৬৮ কোটি টাকা। এক্ষেত্রে ৫০.৪৫ শতাংশের একটি চোখধাঁধানো বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে, অর্থাৎ চেকিংয়ের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়িয়েছে পূর্ব রেল। টিকিট চেকিং অভিযান জোরদার করা, নজরদারি বাড়ানো এবং বৈধ ভ্রমণকে উৎসাহিত করার পাশাপাশি রেলের রাজস্ব সুরক্ষায় নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

রেলের তরফে যাত্রীদের পরামর্শ

ভারতীয় রেলের তরফে যাত্রীদের একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত,  তাঁরা যেন একটি বৈধ টিকিট সঙ্গে রাখেন। দ্বিতীয়ত, ট্রেনে সফরের সময় যতদূর টিকিট কাটা হয়েছে, ততদূরই গন্তব্য করুন। তৃতীয়ত, অন্য যাত্রীদের অসুবিধা হয়, এমন কোনও কাজ করবেন না।

 

POST A COMMENT
Advertisement