প্রতীকী ছবি ১ জুলাই থেকে টিকিট ছাড়া ট্রেনে সফর আরও মহার্ঘ হতে চলেছে। ন্যূনতম জরিমানা বাড়িয়ে দেওয়া হল। এবার থেকে বিনা টিকিটে ট্রেনে গেলে কত টাকা গচ্চা দিতে হবে?
ভারতীয় রেলে টিকিট ছাড়া ভ্রমণ করা আগামী ১ জুলাই থেকে আরও ব্যায়বহুল হতে চলেছে। বিনা টিকিটে সফর করা যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে এবং রেলের আয় সুরক্ষিত রাখতে ন্যূনতম জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ছাড়া ভ্রমণ রুখতে, টিকিট পরীক্ষা আরও জোরদার করতে এবং যাত্রীদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী বদল হচ্ছে?
নিয়ম অনুযায়ী, বৈধ টিকিট বা পাস ছাড়া যাতায়াত করলে ন্যূনতম জরিমানা ২৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা হবে। প্রতারণার উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রেই একই ন্যূনতম জরিমানা প্রযোজ্য হবে। এছাড়াও সঠিক টিকিট ছাড়া যাত্রা করা অথবা অনুমোদিত দূরত্বের চেয়ে বেশি পথ সফর করলেও একই নিয়ম কার্যকর হবে।
অনুমোদিত দূরত্বের বেশি সফর করলে কী হবে?
রেলওয়ে অ্যাক্টের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী, সঠিক টিকিট ছাড়া বা নির্ধারিত দূরত্বের বেশি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীকে প্রকৃত ভাড়ার পাশাপাশি ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত চার্জ বা জরিমানা দিতে হবে। আগে এই অঙ্ক ছিল ২৫০ টাকা।
সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়েছে?
না। সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। আদালত চাইলে এখনও অভিযুক্তকে সর্বাধিক ৬ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি দিতে পারে।
জরিমানা কে ধার্য করবেন?
সংশোধিত নিয়ম অনুযায়ী, অনুমোদিত রেলকর্মীরা যাত্রীদের জরিমানা করতে পারবেন। তবে কোনও যাত্রী যদি জরিমানা দিতে অস্বীকার করেন বা তা পরিশোধ না করেন, সেক্ষেত্রে বিষয়টি আদালতে যেতে পারে এবং আদালত জরিমানা বা শাস্তি নির্ধারণ করবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়া আদায় এবং অতিরিক্ত চার্জ সংক্রান্ত অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে। একই সঙ্গে যাত্রীদের বৈধ টিকিট কেটে ভ্রমণ করা, রেলের নিয়ম মেনে চলা এবং টিকিট পরীক্ষার সময় রেলকর্মীদের সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।