Ration Card Cancellation: শহর এলাকায় ৬টি এবং গ্রামে ১১টি কারণে রেশন কার্ড বাতিল হচ্ছে, জানা আছে?
রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতো শুরু হয়েছে রেশন কার্ড বাতিল করার পালা। এক্ষেত্রে কাদের কার্ড বাতিল হবে? শহর এবং গ্রামের জন্য ঠিক কী নিয়ম? সব প্রশ্নের উত্তর রইল।
রেশন কার্ড ক্যানসেলেশন- কলকাতা,
- 25 Aug 2026,
- (Updated 25 Aug 2026, 10:59 AM IST)
হাইলাইটস
- রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
- সেই মতো শুরু হয়েছে রেশন কার্ড বাতিল করার পালা
- কাদের কার্ড বাতিল হবে?
রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। সেই সঙ্গে এটি থাকলে বিনামূল্যে রেশনও পাওয়া যায়। তাই প্রায় সব বাড়িতেই রয়েছে রেশন কার্ড। কিন্তু বিজেপি বারবার দাবি করে এসেছে যে পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যায় ভুয়ো রেশন কার্ড রয়েছে। এমনকী অনেক ক্ষেত্রে রেশন কার্ডের ধরনে দুর্নীতি করা হয়েছে। সেই কার্ড ব্যবহার করে রেশন তোলা হচ্ছে। যার ফলে ক্ষতি হচ্ছে সরকারের। সেই সঙ্গে যাঁরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য, তাঁরা পাচ্ছেন না। এই অবস্থায় রেশন কার্ড যাচাই করছে সরকার। ভুয়ো রেশন কার্ড ধরছে তারা। এক্ষেত্রে কিছু নির্দিষ্ট কারণে বাতিল করা হচ্ছে রেশন কার্ড।
কী দাবি সরকারের?
সরকার জানাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। এক্ষেত্রে যেমন মৃত মানুষের নামে রয়েছে কার্ড, ঠিক তেমনই যাঁদের অনেক বেশি টাকা আয়, তাঁদেরও রয়েছে কার্ড। এমনকী বহু ক্ষেত্রে মৃত ব্যক্তির নামেও রেশন কার্ড রয়েছে। আর এই সব কারণে যোগ্য প্রাপকরা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করছে সরকার। সেই জন্য নতুন করে রেশন কার্ড বাতিল করা শুরু করেছে তারা।
এখন প্রশ্ন হল, ঠিক কাদের রেশন কার্ড বাতিল হবে? আর সেই বিষয়েও স্পষ্ট নির্দেশিকা সামনে এনেছে সরকার। এক্ষেত্রে গ্রাম এবং শহরের জন্য নিয়মটা একটু আলাদা।
শহর এলাকায় কাদের রেশন কার্ড বাতিল করা হবে?
- তিনটি বা তার বেশি ঘর যুক্ত পাকাবাড়ি থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে।
- বাড়িতে চার চাকা বা দুই চাকা গাড়ি থাকলেও বাতিল হতে পারে কার্ড।
- এছাড়া এসি, ইন্টারনেট যুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও কার্ড বাতিল হতে পারে।
- বাড়িতে ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন থাকলেও কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা।
- এছাড়া ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিলে কার্ড বাতিল হওয়ার আশঙ্কা থাকছে।
- রাজ্য বা কেন্দ্রীয় সরকারের গেজেটেড কর্মচারী, সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত অফিসের কর্মচারী হলেও কার্ড বাতিল হবে।
গ্রামের জন্য কী নিয়ম?
- এক্ষেত্রে ব্যক্তির টু, থ্রি বা ফোর হুইলার থাকলে বাতিল কার্ড।
- এছাড়া ফিশিং বোট থাকলেও কার্ড বাতিল হতে পারে।
- সেই সঙ্গে ট্র্যাক্টর বা কৃষিকাজে ব্যবহৃত মেশিন বা গাড়ি থাকলে রেশন কার্ড নিয়ে সমস্যায় পড়তে পারেন।
- এছাড়া ৫০ হাজার বা তার বেশি লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড থাকলে রেশন কার্ড বাতিল।
- সরকারের কাছে রেজিস্টার্ড কৃষিকাজ ছাড়াও অন্য কোনও ব্যবসা রেজিস্টার্ড থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে।
- পরিবারের কেউ ১৫ হাজার টাকা বা তার বেশি ইনকাম করলে।
- পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে।
- তিন বা তার বেশি পাকাঘর রয়েছে এমন বাড়ির বাসিন্দা হলেও রেশন কার্ড বাতিল।
- এছাড়া কৃষিকাজে কাজে ব্যবহৃত মেশিন সহ ২.৫ একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকলে বাতিল হবে কার্ড।
- পাঁচ একর বা তার বেশি দুই বা তিন ফসলি জমি থাকলে কার্ড বাতিল হতে পারে।
- বাড়িতে ল্যান্ডলাইন ফোন বা ফ্রিজ থাকলেও কার্ড আর থাকবে না।
সরকারের দাবি, এইভাবে কার্ড যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। তাতে অনেক কার্ড ইতিমধ্যেই বাতিল হচ্ছে।