৭ দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে QR কোড!UPI-এ লেনদেন আজ গোটা দেশে অতি সাধারণ চিত্র হয়ে গিয়েছে। গত ৬-৭ বছরে UPI পুরোপুরি বদলে দিয়েছে খুচরো লেনদেনকে। চায়ের দোকান থেকে শুরু করে, সবজির দোকান, ফুচকার স্টল টু বড় বড় শপিং মল, সর্বত্রই বহাল তবিয়তে রাজ করছে UPI। একটা QR স্ক্যান করলেই মুহূর্তে হয়ে যাচ্ছে পেমেন্ট। আর নগদ সঙ্গে নিয়ে ঘোরারও কোনও ঝামেলা নেই। তবে এবার বিষয়টি নিয়ে সমস্যা শুরু হতে পারে।
শীঘ্রই UPI QR Code নিয়ে সমস্যায় পড়তে পারেন দেশের কয়েক লক্ষ ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা। কারণ RBI-এর নিয়ম অনুসারে ব্যবসায়ীদের ফের একবার KYC প্রক্রিয়া করতে হবে। তবে এরজন্য হাতে সময় রয়েছে মাত্র ৭ দিন। ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে বিপুল সংখ্যক ছোট ব্যবসায়ী ভেরিফিকেশন করতে না পারলে, তাদের QR কোড-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থায় সমস্যা হতে পারে।
কী নিয়ে সমস্যা?
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের নির্দিষ্ট সময় অন্তর তাদের কেওয়াইসি (KYC) তথ্য আপডেট করতে হয়। এবারের ক্ষেত্রে শেষ তারিখ রয়েছে ১৫ সেপ্টেম্বর। পেমেন্ট অ্যাগ্রিগেটর এবং ফিনটেক কোম্পানিগুলো জানাচ্ছে, লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীর ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে। ফলে ইন্ডাস্ট্রির তরফে আরবিআই-এর কাছে সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এর ফলে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়তে পারে?
যদি কোনও দোকানদারের রি-কেওয়াইসি (re-KYC) সময়মতো না করা হয় এবং তাতে যদি কিউআর কোড (QR code)সমস্যা হয়, তাহলে গ্রাহকদের টাকা দিতে সমস্যা হতে পারে। ধরুন, আপনি সবজি কিনতে গেছেন এবং দোকানদারের কিউআর কোড কাজ করছে না। এমন পরিস্থিতিতে, ইউপিআই (UPI) পেমেন্ট করা সম্ভব হবে না। আপনাকে হয়তো নগদে অর্থ পরিশোধ করতে হবে অথবা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ছোট ব্যবসা ও হকার রয়েছে এমন এলাকাগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে।
UPI ইন্ডাস্ট্রি থেকে আসা খবর অনুযায়ী, এই সময়সীমার মধ্যে আনুমানিক ৩০ থেকে ৩৫ শতাংশ ক্ষুদ্র বিক্রেতা ও হকার নিজেদের QR হয়তো আপডেট করতে পারবেন না। সেক্ষেত্রে প্রায় ১০ লক্ষ ক্ষুদ্র ব্যবসা সমস্যার মধ্যে পড়তে পারে। নির্ধারিত সময়সীমার মধ্যে মাত্র ৮০ শতাংশ ব্যবসায়ীর ভেরিফিকেশন সফল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই কারণেই পেমেন্ট কোম্পানিগুলো আরবিআই-এর কাছে এবার অতিরিক্ত সময় চাইছে।