বাজারে ১০,২০ ও ৫০ টাকার নোটের কমতি আছে? উত্তর দিল RBIদীপাবলির আগে বাজারে কি ১০, ২০ এবং ৫০ টাকার নোটের ঘাটতি শুরু হয়েছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এমনই দাবি। তবে বিষয়টিকে সমূলে নাকচ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়েছে, ভল্ট এবং কারেন্সি চেস্টে সব ভ্যালুরই যথেষ্ট নোট রয়েছে।
কী ঘটনা ঘটেছিল?
WhatsApp-সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বার্তা ভাইরাল হতে শুরু করেছিল। সেখানে দাবি করা হচ্ছিল, উৎসবের মরসুমে নতুন ১০, ২০ এবং ৫০ টাকার নোট নাও পাওয়া যেতে পারে। এমনকি এই বার্তার সঙ্গে RBI-এর তরফে পরামর্শ বলেও মিথ্যা প্রচার করা হচ্ছিল। দীপাবলির আগে এমন দাবিতে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়ে দিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ ভুল। কম ভ্যালুর নোটের ঘাটতি নিয়ে RBI এমন কোনো ঘোষণাও করেনি।
ভুয়ো সার্কুলারে কী বলা হয়েছে?
'RBI/2026-27/124' নম্বরযুক্ত এই ভুয়ো সার্কুলারটিতে দাবি করা হয়েছে, ক্যাশলেস ইকোনমি এবং ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্য আরবিআই পর্যায়ক্রমে ১০, ২০ এবং ৫০ টাকার নোট ছাপানো কমিয়ে দিচ্ছে। এতে সতর্ক করা হয়েছে, এর ফলে দিওয়ালির সময় এই ছোট নোটগুলোর ঘাটতি দেখা দিতে পারে এবং উৎসবের সময় অসুবিধা এড়াতে জনগণকে আগে থেকেই টাকা তুলে নিতে বা নগদের ব্যবস্থা করে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
এরই পাল্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে RBI জানায়, ভল্ট এবং কারেন্সি চেস্টে ছোট ভ্যালুর নোটও যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। একইসঙ্গে RBI জানিয়েছে, ওই দাবিটি পুরোপুরি ভুয়ো। এতে RBI-এর নাম ও লোগো অপব্যবহার করা হয়েছে এবং গভর্নরের স্বাক্ষর জাল করা হয়েছে। নেটিজেনদের ভুয়ো সার্কুলারটি বিশ্বাস না করতে বা ফরোয়ার্ড না করার জন্য অনুরোধ করেছে।