সব ব্যাঙ্কে FD-র নিয়ম বদলে দিচ্ছে RBIআমজনতার বিনিয়োগের ক্ষেত্রে আজও বড় ভরসার নাম ফিক্সড ডিপোজিট। সম্প্রতি, সেই FD-এর নিয়মেই বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কগুলি কীভাবে ও কখন ডিপোজিটের সুদের হার প্রকাশ করবে সেই সংক্রান্ত নিয়মে বদল এনেছে RBI। এই সংশোধিত নিয়ম আগামী ১ অক্টোবর থেকেই চালু হবে। মনে করা হচ্ছে, এরফলে FD-র রেটের ক্ষেত্রে গ্রাহকেরা বিনিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছ ধারণা পাবেন।
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে RBI-এর এই নতুন নিয়ম লাগু হবে সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে কমার্শিয়াল ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক, এমনকি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও।
কোন নিয়মে বদল আনা হয়েছে?
মূলত বাল্ক এফডি-র ক্ষেত্রে নিয়ম বদল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI-এর তরফে সংশোধিত নিয়মে বলা হয়েছে, বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ‘লিকুইডিটি কভারেজ রেশিও’র শর্ত মেনে নগদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সুদ দিতে পারবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। বর্তমানে একই দিনে এবং একই মেয়াদে সমপরিমাণ বাল্ক ডিপোজ়িটে সুনির্দিষ্ট সুদ পেয়ে থাকেন গ্রাহক।
এছাড়াও, নতুন নিয়মে ব্যাঙ্কগুলিকে প্রতিদিনের বাল্ক ডিপোজিটের সুদের হার ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে সকাল ১০টার মধ্যে আপলোড করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০ মিনিট ছাড় পাওয়া যেতে পারে। অর্থাৎ সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে ব্যাঙ্কগুলিকে বাল্ক এফডি-র সুদের হার অবশ্যই ওয়েবসাইটে আপলোড করতে হবে। আশা করা হচ্ছে, এই পরিবর্তনগুলোর ফলে গ্রাহকরা বিনিয়োগের আগে FD-র সুদের হার তুলনা করতে পারবেন।
বাল্ক FD কী?
বাল্ক এফডি-হল ফিক্সড ডিপোজিটে মোটা অঙ্কের বিনিয়োগ। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, কমপক্ষে ৩ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ হলে তাঁকে বাল্ক FD বলা হয়।