RBI-এর নয়া নিয়ম জেনে নিন।অনলাইনে টাকা পাঠানো, ইউপিআই ব্যবহার কিংবা কার্ডে কেনাকাটা। দৈনন্দিন জীবনে ডিজিটাল লেনদেনের উপর নির্ভরতা ক্রমশ বাড়ছে। কিন্তু সেই সঙ্গে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকিও। কখনও ভুয়ো লিঙ্ক, কখনও অ্যাকাউন্ট হ্যাক করে গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা। এই পরিস্থিতিতে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ করতে কড়া পদক্ষেপ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন নিয়মে সাইবার হামলা বা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সমস্যার খবর ছয় ঘণ্টার মধ্যে জানাতে হবে।
আরবিআইয়ের সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, নন-ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম অপারেটরদের কোনও অস্বাভাবিক ঘটনা ঘটলে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্ককে জানাতে হবে। সাইবার হামলা, গুরুত্বপূর্ণ সার্ভার বিকল হওয়া, লেনদেনের নিষ্পত্তিতে দেরি কিংবা নিরাপত্তা সংক্রান্ত বড়সড় সমস্যার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা জানাতে হবে কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In-কেও। লক্ষ্য, বিপদের খবর দ্রুত পৌঁছে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
কাদের জন্য নতুন নিয়ম?
এই নির্দেশিকার আওতায় রয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI), কার্ড নেটওয়ার্ক, পেমেন্ট অ্যাগ্রিগেটর, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI) প্রদানকারী সংস্থা এবং হোয়াইট লেবেল এটিএম পরিচালনাকারীরা। অর্থাৎ, ডিজিটাল লেনদেনের পরিকাঠামোর সঙ্গে যুক্ত একাধিক সংস্থাকে এখন আরও সতর্ক থাকতে হবে।
শুধু ছয় ঘণ্টার মধ্যে খবর দেওয়াই নয়, সাইবার নিরাপত্তা জোরদার করতেও একাধিক নির্দেশ দিয়েছে আরবিআই। সংস্থাগুলিকে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা ও অডিট করাতে হবে। গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে তৃতীয় পক্ষের সফ্টওয়্যারের সোর্স কোড নিজেদের কাছে রাখতে হবে অথবা এসক্রো ব্যবস্থায় সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলার জন্য বিকল্প তথ্যকেন্দ্র রাখতে হবে। বছরে অন্তত দু’বার মহড়াও বাধ্যতামূলক।
বড় ও মাঝারি মাপের সংস্থার ক্ষেত্রে নতুন নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। ছোট সংস্থাগুলিকে নিয়ম মানার জন্য ২০২৮ সালের ১ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।