যুবসাথী রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে ইতিমধ্যেই অনেকেই ভাতার টাকা পেতে শুরু করেছেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, মোবাইলে টাকা পাঠানোর মেসেজ এলেও বাস্তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফলে স্বাভাবিকভাবেই বিভ্রান্তিতে পড়ছেন উপভোক্তারা।
এই সমস্যার মূলত দু’টি কারণ থাকতে পারে। প্রথমত, ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা। অনেক সময় গ্রাহকের কেওয়াইসি আপডেট না থাকলে বা অ্যাকাউন্টে অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা থাকলে সরকারি অনুদান জমা হতে পারে না। দ্বিতীয়ত, আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া। বিশেষ করে অ্যাকাউন্ট নম্বর লিখতে সামান্য ভুল হলেও আবেদনকারীর নামের সঙ্গে ব্যাঙ্কের তথ্য মিলবে না। ফলে ট্রেজারি থেকে টাকা পাঠানো হলেও তা ফেরত চলে যায়।
প্রথমেই যাচাই করে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক কাজ করছে কি না। অন্য কারও সঙ্গে ছোটখাটো লেনদেন করে দেখুন। যদি তাতে কোনও সমস্যা না হয়, তাহলে বুঝবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা নেই।
এরপরও টাকা না এলে দেরি না করে সরাসরি স্থানীয় ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনার আবেদনপত্র বা নথিতে কোনও ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারবেন।
উল্লেখ্য, যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। সব মিলিয়ে, সামান্য কিছু ত্রুটির কারণেই টাকা আটকে থাকতে পারে। তাই আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে যাচাই করলেই সমস্যার সমাধান সম্ভব।