বাড়ি ভাড়ার নিয়মকানুন আজকাল চাকরি, পড়াশোনা বা ব্যবসার কারণে বহু মানুষ ভাড়া বাড়িতে থাকেন। কিন্তু ভাড়া বাড়িতে থাকার সময় একটা প্রশ্ন প্রায়ই ওঠে— হঠাৎ যদি বাড়ির কোনও জিনিস ভেঙে যায়, দেওয়ালে ফাটল ধরে, জলের কল বা বিদ্যুতের লাইনে গোলমাল দেখা দেয়, তবে তার মেরামতির খরচ কে দেবে? ভাড়াটে না বাড়িওয়ালা? এই নিয়ে অনেক সময় দু'পক্ষের মধ্যে বিস্তর বচসা, এমনকি আইনি জটিলতাও তৈরি হয়।
ভারতে এ ধরনের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু সাধারণ নিয়মকানুন রয়েছে। বিশেষ করে, 'মডেল টেন্যান্সি অ্যাক্ট ২০২১' (Model Tenancy Act 2021)-এ স্পষ্ট করা হয়েছে কোন ধরনের মেরামতির দায় কার। জেনে নিন, সবিস্তারে।
বড় মেরামতির দায় কার?
বাড়িতে যদি কোনও বড় সমস্যা দেখা দেয়, যেমন- ছাদ চুঁইয়ে জল পড়া, দেওয়ালে বড় ফাটল, জলের মূল পাইপলাইন বা বিদ্যুতের ওয়্যারিং খারাপ হওয়া, কিংবা বাড়ির কাঠামোগত কোনও সমস্যা— এর দায় সাধারণত বাড়িওয়ালার। বাড়িকে বসবাসযোগ্য করে রাখা তাঁর প্রাথমিক দায়িত্ব। উদাহরণস্বরূপ, বৃষ্টিতে ছাদ থেকে জল পড়লে বা জলের মেন লাইন বিকল হলে, তার মেরামতির খরচ বাড়িওয়ালাকেই বহন করতে হবে।
ছোটখাটো মেরামতি কে করবেন?
অন্যদিকে, দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যার দায় বর্তায় ভাড়াটের উপর। যেমন— ফিউজ বা বাল্ব পাল্টানো, কলের ছোটখাটো ত্রুটি সারানো বা সাধারণ রক্ষণাবেক্ষণের কাজ। এগুলিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ (Regular maintenance) হিসেবে ধরা হয় এবং এর খরচ ভাড়াটেকেই দিতে হয়।
ভাড়াটের কারণে ক্ষতি হলে কী হবে?
ধরুন, কোনও ভাড়াটে ইচ্ছে করে বা অসাবধানতাবশত বাড়ির কোনও ক্ষতি করে বসলেন। যেমন— দরজা বা জানালার কাঁচ ভাঙা, ফিটিংস খুলে নেওয়া বা দেওয়ালের বড় ধরনের ক্ষতি করা। এমন পরিস্থিতিতে মেরামতির খরচ ভাড়াটের পকেট থেকেই যাবে। আইন অনুযায়ী, ভাড়াটেকে বাড়িটি ঠিক সেই অবস্থাতেই ফিরিয়ে দিতে হবে, যে অবস্থায় তিনি সেটি ভাড়া নিয়েছিলেন।
সিকিউরিটি ডিপোজিট থেকে কি টাকা কাটা যায়?
হ্যাঁ। যদি প্রমাণ থাকে যে ভাড়াটের ভুলেই বাড়ির ক্ষতি হয়েছে, তবে বাড়িওয়ালা সিকিউরিটি ডিপোজিটের জমানো টাকা থেকে মেরামতির খরচ কেটে নিতে পারেন। তবে বাড়িওয়ালা অকারণে পুরো টাকা আটকে রাখতে পারবেন না। তাঁকে প্রমাণ করতে হবে যে ক্ষতিটি সত্যিই ভাড়াটের কারণে হয়েছে এবং মেরামতির খরচটি যুক্তিসঙ্গত।
বিবাদ এড়াতে কী করণীয়?
বিশেষজ্ঞদের মতে, বাড়ি ভাড়া নেওয়ার সময় সবসময় লিখিত 'রেন্ট এগ্রিমেন্ট' (Rent Agreement) বা চুক্তিপত্র করা উচিত। সেখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে কোন মেরামতির দায়িত্ব কার। এছাড়া, নতুন বাড়িতে ওঠার সময় সব ঘরের বর্তমান অবস্থার ছবি বা ভিডিও তুলে রাখা বুদ্ধিমানের কাজ। পরে কোনও বিবাদ হলে এটি অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে।
বাড়িওয়ালা মেরামত না করালে কী করবেন?
যদি বড় কোনও ক্ষতির দায় বাড়িওয়ালার হয়, অথচ তিনি তা সারাতে অস্বীকার করেন, তবে ভাড়াটে প্রথমে তাঁকে লিখিত ভাবে জানাতে পারেন। কিছু ক্ষেত্রে আইন ভাড়াটেকে নিজের খরচে মেরামত করিয়ে সেই টাকা মাসিক ভাড়া থেকে কেটে নেওয়ার অধিকার দেয়। তবে এর নিয়মাবলি রাজ্য এবং চুক্তির শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে।
ভাড়া বাড়ির সব ভাঙা চোরার দায় কেবল এক পক্ষের উপর বর্তায় না। বড় কাজগুলি বাড়িওয়ালার এবং ছোটখাটো রক্ষণাবেক্ষণ ভাড়াটের দায়িত্ব। আর নিজের ভুলে ক্ষতি হলে পকেট কাটা যাবে ভাড়াটেরই। তাই বাড়িওয়ালা এবং ভাড়াটে— উভয়েরই উচিত রেন্ট এগ্রিমেন্টে সব শর্ত লিখিত ভাবে আগে থেকেই চূড়ান্ত করে নেওয়া। এতে ভবিষ্যতের অনেক ঝুট-ঝামেলা অনায়াসেই এড়ানো সম্ভব।