আইনজীবীর অভিযোগ, বহু আশা নিয়ে তিনি Continental GT 650 কিনেছিলেন।তিন বছরে ২৯৪ দিন সার্ভিস সেন্টারেই পড়ে ছিল বাইক। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে মোটা ক্ষতিপূরণ দিতে হচ্ছে Royal Enfield-কে। কোয়ম্বাটোরের এক আইনজীবীর অভিযোগ, বহু আশা নিয়ে তিনি Continental GT 650 কিনেছিলেন। কিন্তু কেনার পর থেকেই সেই বাইক বার বার বিকল হয়ে পড়ছিল। কখনও মিটার কাজ করছে না, কখনও বৈদ্যুতিক গোলযোগ, কখনও আবার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বদলাতে হচ্ছে। একাধিক বার সারাইয়ের পরেও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। গোটা বিষয়টি পর্যালোচনা করে সংস্থা এবং ডিলারকে মিলিতভাবে ৫ লক্ষ টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি তামিলনাড়ুর। ২০২২ সালের মে মাসে Royal Enfield-এর জনপ্রিয় ক্যাফে-রেসার বাইক Continental GT 650 কিনেছিলেন আইনজীবী উথরেশ গোবু। অভিযোগ, বাইক কেনার কিছু দিনের মধ্যেই একের পর এক যান্ত্রিক এবং বৈদ্যুতিক সমস্যা দেখা দিতে শুরু করে। বার বার সার্ভিসিং এবং যন্ত্রাংশ বদল করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
মামলার শুনানিতে আদালত জানায়, গত তিন বছরে মোট ২৯৪ দিন বাইকটি বিভিন্ন সার্ভিস সেন্টারে পড়ে ছিল। এই দীর্ঘ সময় বাইক ব্যবহার করতে না পারায় গ্রাহক মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন বলেও পর্যবেক্ষণ আদালতের।
অভিযোগে বলা হয়েছে, বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কি সেট, সাসপেনশন, থ্রটল বডি, সেনসর, বৈদ্যুতিক ওইয়ারিং, সাইলেন্সার এবং একজস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশে বার বার সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি সমস্যা হয় ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। ভাপ জমা এবং ডিসপ্লের সমস্যার কারণে সেটি নাকি ৬ বার বদলাতে হয়েছিল। পাশাপাশি কী সেট বদলাতে হয়েছে ৩ বার।
শুধু কোয়েম্বাটোর নয়, পুনে, মুম্বই, নবি মুম্বই, নয়ডা, দিল্লি এবং কুল্লুর মতো বিভিন্ন শহরের অথরাইজড সার্ভিস সেন্টারে বাইকটি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও সমস্যা মেটেনি বলে অভিযোগ।
বাইক মালিক আরও দাবি করেন, বার বার পার্টস বদলানোর ফলে বাইকের ওডোমিটারে প্রভাব পড়ছে। তাছাড়া এই বাইকের আর রিসেল ভ্যালুও নেই। পাশাপাশি ডিলারের বিরুদ্ধে বেশি ইনস্যুরেন্স প্রিমিয়াম নেওয়া এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বানান ভুল থাকার অভিযোগও তোলা হয়।
এই মামলার শুনানিতে উপভোক্তা আদালতের বেঞ্চ জানায়, বার বার একই ধরনের ত্রুটি হওয়া এবং তা ঠিক করতে ব্যর্থ হওয়া অত্যন্ত খারাপ কাস্টমার সার্ভিসের লক্ষণ। এরপরই Royal Enfield এবং Bharat Automotives যৌথ ভাবে ৫.১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি মামলার খরচ বাবদ আরও ১০ হাজার টাকা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে বার্ষিক ১২ শতাংশ হারে সুদও দিতে হবে বলে জানিয়েছে আদালত।
উল্লেখ্য, Continental GT 650 হল Royal Enfield-এর অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম বাইক। ভারত তথা বিদেশেও বাইকপ্রেমীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এই মডেল। বাইকের ex-showroom দাম প্রায় ৩.৫৩ লক্ষ টাকা থেকে শুরু।