
নিরাপদ বিনিয়োগ ও স্থির আয়ের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (এফডি) অন্যতম জনপ্রিয় মাধ্যম। বিশেষত প্রবীণ নাগরিকরা বিনিয়োগের ক্ষেত্রে এমন স্কিম খোঁজেন, যা নিরাপত্তার পাশাপাশি উচ্চ সুদের রিটার্নও নিশ্চিত করে। এই চাহিদাকে মাথায় রেখে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) চালু করেছিল ‘অমৃত কলশ এফডি স্কিম’— যা ৪০০ দিনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
এই বিশেষ এফডি স্কিমটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, ফলে ব্যাংককে একাধিকবার এর মেয়াদ বাড়াতে হয়েছে। তবে এবার বিনিয়োগের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৫ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এই সুযোগ হাতছাড়া হলে আর নতুন করে বিনিয়োগ করা যাবে না।
উচ্চ সুদের হার, প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি সুবিধা
অমৃত কলশ এফডি স্কিম সাধারণ গ্রাহকদের জন্য ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০% সুদ দিচ্ছে। ফলে যারা দীর্ঘমেয়াদী ও নিরাপদ বিনিয়োগ খুঁজছেন, এটি তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ।
সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে
প্রথম চালু হয় ১২ এপ্রিল, ২০২৩
প্রথম মেয়াদ ছিল ২৩ জুন, ২০২৩ পর্যন্ত
পরে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়
পুনরায় ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়
এরপর ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়
সবশেষে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে
কীভাবে আপনি সুদ উপভোগ করবেন?
এই স্কিমে বিনিয়োগকারীরা মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক ভিত্তিতে সুদ নিতে পারেন। সুদের উপর টিডিএস কাটা হবে, যা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়বে।
সুদের হিসাব কেমন হবে?
সাধারণ গ্রাহকের জন্য:
১ লাখ টাকা বিনিয়োগে ৪০০ দিনে ৭,১০০ টাকা সুদ
১০ লাখ টাকা বিনিয়োগে বার্ষিক ৭১,০০০ টাকা সুদ
প্রতি মাসে আয় ৫,৯১৬ টাকা
প্রবীণ নাগরিকদের জন্য:
১ লাখ টাকায় ৪০০ দিনে ৭,৬০০ টাকা সুদ
১০ লাখ টাকা বিনিয়োগে বার্ষিক ৭৬,০০০ টাকা সুদ
প্রতি মাসে আয় ৬,৩৩৩ টাকা
কীভাবে বিনিয়োগ করবেন?
SBI-এর YONO অ্যাপ ব্যবহার করে অনলাইনে সহজেই বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও, সরাসরি ব্যাংকের শাখায় গিয়েও এই বিশেষ এফডি স্কিমে বিনিয়োগ করা যাবে।