SBI স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI-এর গ্রাহদের জন্য বড় আপডেট। এই ব্যাঙ্কের যে সব গ্রাহকরা UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করেন, তাঁদের এই খবর জানা দরকার। ব্যাঙ্ক জানিয়েছে, নির্দিষ্ট সময়ে সাময়িকভাবে UPI পরিষেবা বন্ধ থাকবে। ফলে ওই সময়ের মধ্যে UPI-এর মাধ্যমে কোনও ধরনের পেমেন্ট করা যাবে না।
ব্যাঙ্ক জানিয়েছে, ৪ সেপ্টেম্বর ২০২৬ কিছু সময়ের জন্য গ্রাহকরা UPI পরিষেবা ব্যবহার করতে পারবেন না। নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ রাখা হবে। সোশ্যাল মিডিয়ায় SBI এই সংক্রান্ত তথ্য পোস্ট করেছে। সেখানে উল্লেখ, ৪ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ৪৫ মিনিটের জন্য UPI পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এটি নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ। তাই ওই সময়ের মধ্যে ডিজিটাল লেনদেন করার পরিকল্পনা থাকলে গ্রাহকদের বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতি তৈরি হলে কী করবেন?
এই সময়ের মধ্যে কোনও জরুরি পেমেন্টের প্রয়োজন হলে কী করবেন? এর জন্য একটি বিকল্পের কথা জানিয়েছে SBI। সাময়িক পরিষেবা বন্ধ থাকার সময় গ্রাহকরা ইউপিআই লাইট ব্যবহার করতে পারবেন।
ইউপিআই লাইটের মাধ্যমে কম টাকার লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পিনের প্রয়োজন হয় না। SBI-র নির্ধারিত নিয়ম অনুযায়ী, ইউপিআই লাইটের মাধ্যমে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত একটি লেনদেন করা যায়। আর ইউপিআই লাইটে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ব্যালান্স রাখা যায়।
SBI-এর ইউপিআই লেনদেনের সীমা কত?
SBI ইউপিআই লেনদেনের জন্য নির্দিষ্ট সীমা রেখেছে। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ পার্সন থেকে পার্সন ২০টি লেনদেন করা যায়। অন্যদিকে, ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পার্সন-টু-মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত দৈনিক ইউপিআই লেনদেনের সীমা প্রযোজ্য। সাধারণ ইউপিআই লেনদেনের সীমা ১ লক্ষ টাকা। P2P এবং P2M মিলিয়ে দৈনিক মোট লেনদেনের সীমাও ১ লক্ষ টাকা।
তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই সীমা বেশি হতে পারে। বিমা এবং পুঁজিবাজার সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। অন্যদিকে, আইপিও (ASBA), রিটেল ডিরেক্ট স্কিম (RDS), কর প্রদান, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউপিআই লেনদেনের সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
এছাড়াও ভারত-সিঙ্গাপুর ইউপিআই করিডরের মাধ্যমে টাকা পাঠানো ও গ্রহণের সুবিধাও দেয় SBI। এই ব্যবস্থায় সর্বোচ্চ ১,০০০ সিঙ্গাপুর ডলারের সমপরিমাণ টাকা লেনদেন করা যায়।