শিয়ালদার ১২টি লোকাল ট্রেনের রুট বাড়ললোকাল ট্রেনের নিত্যযাত্রীদের স্বস্তি দিতে বড় ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। রেল সফরকে আরও সুবিধাজনক করে তুলতে বেশ কয়েকটি EMU ট্রেন পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রেল। যাত্রীদের দৈনন্দিন সমস্যার কথা বিবেচনা করে শিয়ালদা বিভাগ ২৩ মার্চ ২০২৬ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-ক্যানিং এবং শিয়ালদা–ডায়মন্ড হারবার শাখায় একাধিক লোকাল ট্রেনের রুট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে যাত্রীদের মাঝপথে ট্রেন শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা করতে হবে না। ট্রেনগুলোকে তাদের রুটের শেষ স্টেশন পর্যন্ত চালানো হলে লক্ষ লক্ষ নিত্যযাত্রীর জন্য যাত্রা আরও আরামদায়ক এবং ঝামেলামুক্ত হয়ে উঠবে।
কোন কোন ট্রেনের রুটের সম্প্রসারণ করা হল?
বনগাঁ রুট
রেলের এই উদ্যোগের ফলে বনগাঁ শাখার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। আগে অনেক ট্রেন দত্তপুকুর বা গোবরডাঙায় লাস্ট স্টপেজ পেত। কিন্তু এখন ট্রেন নম্বর ৩৩৬১৭ শিয়ালদা-দত্তপুকুর লোকালকে টেনে বনগাঁ পর্যন্ত করা হয়েছে। এই ট্রেনটি আগের মতোই সকাল ১০টায় শিয়ালদা থেকে ছেড়ে ১১:৪৪-এ বনগাঁ পৌঁছাবে। এর ফিরতি ট্রেনটি ৩৩৬২২ ট্রেনটি এখন সরাসরি বনগাঁ থেকেই দুপুর ১১:৫৫-এ ছাড়বে।
এছাড়াও রাতের ট্রেন ৩৩৬৮৫ শিয়ালদা-গোবরডাঙা লোকাল রাত ৮টা ৩২ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে গোবরডাঙার পরিবর্তে সরাসরি বনগাঁ পর্যন্ত যাবে। ট্রেনটি বনগাঁয় পৌঁছবে ১০টা ৩১-এ। পাশাপাশি, রাত ৭টা ২৫-এর ৩৩২৭১ দমদম–গোবরডাঙা লোকালটিও রাত ৯টা বেজে ৪ মিনিটে গোবরডাঙার পরিবর্তে রাত ৯টা বেজে ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে। ফেরার পথেও এই দুটি ট্রেনই বনগাঁ থেকে ছাড়বে।
ক্যানিং রুট
ক্যানিং ও ডায়মন্ড হারবার শাখাতেও দুটি ট্রেনের রুট বদল করা হয়েছে। সকাল ৭টা ৪০-এ ছাড়া সোনারপুর থেকে ছাড়া ৩৪৩৯২ ট্রেনটি আগে সোনারপুর থেকে চম্পাহাটি পর্যন্ত যেত। সেই ট্রেনটিকে টেনে নেওয়া হচ্ছে ক্যানিং পর্যন্ত। অন্যদিকে, রাত ৭ টা বেজে ৫৮ মিনিটের বালিগঞ্জ-ঘুটিয়ারি শরিফ লোকালকে সম্প্রসারিত করে ক্যানিং পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ফিরতি পথে এই দুটি ট্রেনই ৩০৫১১ ও ৩৪৮৯৯ ক্যানিং থেকে যাত্রা শুরু করবে।
ডায়মন্ড হারবার রুট
এছাড়াও, ডায়মন্ড হারবারের যাত্রীদের জন্যও একটি ট্রেনের রুট বৃদ্ধি করা হয়েছে। রাত ৭টা ৫-এর ৩৪৮৯৮ শিয়ালদা-মগরাহাট লোকাল ডায়মন্ড হারবার পর্যন্ত চালানো হবে। ফিরতি পথে ৩৪৮৯৯ ট্রেনটি ৮টা ৩৪-এ ক্যানিং ছেড়ে রওনা দেবে।