শিয়ালদা স্টেশনের গেটশিয়ালদা স্টেশনের পুরনো গেট দিয়ে উঠে দূরপাল্লার ট্রেনে ওঠার দিন শেষ। এবার এক্সপ্রেস ট্রেনের প্যাসেঞ্জারদের জন্য চালু হল নতুন গেট। এই গেটের নাম সেন্ট্রাল গেট। এই গেট থেকে মূলত এক্সপ্রেস ও মেল ট্রেনের যাত্রীরা ওঠানামা করবেন।
আসলে শিয়ালদা স্টেশনের পরিষেবার মান উন্নত করার কাজে উঠেপড়ে লেগেছে রেল। সেই মতো একাধিক আধুনিকীকরণের কাজ চলছে। আর সেই কাজের অংশ হিসেবেই এবার মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য নয়া গেটা চালু করা হল। স্টেশন কর্তৃপক্ষের দাবি, এই গেট চালু হওয়ার পর দূরপাল্লার ট্রেন ধরা আরও সহজ হবে। যাত্রীদের বেশি ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে হবে না।
আসলে এতদিন পর্যন্ত শিয়ালদা স্টেশনে মোট চারটি গেট ছিল। সেগুলি হল প্রফুল্ল দ্বার, নর্থ গেট, মেন গেট এবং সাউথ গেট। এবার সেই তালিকাতেই জুড়ে গেল পাঁচ নম্বর গেট। এটি হল সেন্ট্রাল গেট।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন কোন প্ল্যাটফর্মে যাওয়ার জন্য় কোন গেট দিয়ে এন্ট্রি নিতে হবে, তার কোনও নিয়ম ছিল না। যাত্রীরা যে কোনও একটা গেট গিয়ে স্টেশনে প্রবেশ করতেন। তারপর নিজের প্রয়োজনের স্টেশনে চলে যেতেন। এর ফলে লোকাল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের বেশ সমস্যাই হতো। ট্রেন ধরার জন্য প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে যেতে হতো। পাশাপাশি হঠাৎ করে কোনও ট্রেন ঘোষণার পর তাড়াহুড়োর জন্য় দুর্ঘটনার আশঙ্কাও থাকত। আর এই পুরনো সিস্টেমকেই এখন বদলে ফেলা হচ্ছে। সেই মতো সেন্ট্রাল গেট চালু করা হল। এই গেট ব্যবহার করে সরাসরি মেল বা এক্সপ্রেস ট্রেন ধরা যাবে।
কোন স্টেশনে যেতে কোন গেট?
এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে শিয়ালদা স্টেশন কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, শিয়ালদা মেন লাইনে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্মে যাওয়ার জন্য প্রফুল্ল দ্বার অথবা নর্থ দিয়ে প্রবেশ করতে হবে। এই সব স্টেশন থেকে মূলত নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর ও গেদে লোকাল ছাড়ে।
আবার ৬ থেকে ১০ নম্বর স্টেশন থেকে ছাড়ে বনাগাঁ, হাসনাবাদ, ডানকুনি লাইনের ট্রেন। এই সব স্টেশনে যেতে চাইলে মেন গেট ব্যবহার করতে হবে।
আবার দূরপাল্লার ট্রেন ছাড়ে ১১ থেক ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এক্ষেত্রে যাত্রীরা সেন্ট্রাল গেট ব্যবহার করলে সুবিধা পাবেন। আর দক্ষিণে ট্রেন ধরতে সাউথ গেট দিয়ে ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে।