স্টক মার্কেটের অবস্থা কী?মঙ্গলবারও মন খারাপ ভারতের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের। কারণ, সকাল থেকেই পড়ছে স্টক মার্কেট। এ দিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স এবং নিফটিতে পতন দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি এবং অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখেই পড়ছে মার্কেট।
সকাল ৯টা ৩৫ মিনিট পর্যন্ত সেনসেক্স ৩১৪.৫৮ পয়েন্ট পড়েছে। এটি ৭৭,৩০১.৮২ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে নিফটি ৫০-এর হালও আজ খারাপ। এই ইনডেক্স ৮৫.৪৫ পয়েন্ট নেমে আসে। এটি পড়ে যায় ২৪,১২৫.৫৫ পয়েন্টে।
কেন পড়ল বাজার?
আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। টানা তৃতীয় রাতে ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন সেনা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজের উপর নতুন করে অবরোধ (ব্লকেড) চালুর ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে চলাফেরা করা জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ২০ শতাংশ ফি বসানোর প্রস্তাব দিয়েছেন। এর ফলে গোটা বিশ্বেই জ্বালানি নিয়ে সাপ্লাই নিয়ে উদ্বেগ বেড়েছে।
৮৫ ডলার ছুঁয়ে ফেলল ক্রুড অয়েল
নয়া এই হুমকির জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারের গণ্ডি ছুঁয়ে ফেলে। পরে অবশ্য দাম কিছুটা নেমে ব্যারেল প্রতি প্রায় ৮৪.৬ ডলারে আসে। তবে গত সপ্তাহে তেলের দাম প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দুর্বল হয়েছে টাকা
তেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় টাকাতেও। ডলারের বিপরীতে রুপির দাম ৯৬.০৭৭৫-এ নেমে আসে। আর মে মাসের শেষের পর এটাই টাকার সবচেয়ে দুর্বল অবস্থা। একদিনে রুপির মূল্য প্রায় ০.৫ শতাংশ কমেছে।
বাজারের অবস্থা ঠিক কী?
আজ বাজারের সব ক্ষেত্রেই মোটামুটি রেড জোনে চলে গিয়েছে। নিফটি ১০০, নিফটি ২০০ এবং নিফটি ৫০০ প্রায় ০.৩ শতাংশ করে কমে গিয়েছে। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচকও দুর্বল।
এই সব সেক্টরের হাল খারাপ...
অনেক সেক্টরই আজ রেড ডোনে রয়েছে। তবে সবচেয়ে বেশি পতন হয়েছে নিফটি অটোতে। এই সূচক ১.২২ শতাংশ নেমেছে।
এছাড়া নিফটি রিয়েলটি ১.০৬ শতাংশ, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ১.০২ শতাংশ, পিএসইউ ব্যাঙ্ক ০.৭৭ শতাংশ ও প্রাইভেট ব্যাঙ্ক ০.৭০ শতাংশ নেমে গিয়েছে।
তবে এই খারাপ বাজারেও কিছু সেক্টর উপরে উঠেছে। যেমন- নিফটি মেটাল ১.০১ শতাংশ, ফার্মা ০.৭৯ শতাংশ, হেলথকেয়ার ০.৭২ শতাংশ, এফএমসিজি ০.৩৩ শতাংশ ও আইটি ০.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোন স্টক উঠল, নামলই বা কোনটা?
আজ সবচেয়ে বেশি ক্ষতির মুখ দেখেছে ছিল ইন্টারগ্লোব অ্যাভিয়েশন বা ইন্ডিগো। এই সংস্থার শেয়ার ২.৩৫ শতাংশ পড়ে যায়।
এছাড়া বাজাজ ফিন্যান্স ২.১৪ শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ১.৮০ শতাংশ, এইচসিএলটেক ১.৭৬ শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট ১.৫০ শতাংশ পতনের মুখ দেখেছে।
তবে এই বাজারে বিনিয়োগকারীদের লাভ দেখেছে ভারতী এয়ারটেল ১.৬৯ শতাংশ, টিসিএস ১.২৭ শতাংশ, টাটা স্টিল ০.৯৯ শতাংশ, আদানি পোর্টস ০.৮২ শতাংশ ও সান ফার্মা ০.৭৫ শতাংশ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।