শেয়ারবাজারে ক্র্যাশলালে লাল শেয়ারবাজার। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই হাল বাজারের। এ দিন সকাল ১০টা ১০ নাগাদ সেনসেক্স পড়ে গিয়েছিল ৮৮৬ পয়েন্ট। এটি ছিল ৭৫,১৪৭ পয়েন্টে। আর নিফটি ৫০-ও ওই সময় পড়ে যায় ২৫১ পয়েন্ট। এটি ২৩,৩৫৩ পয়েন্টে নেমে যায়। যার ফলে বিনিয়োগকারীদের ৭ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে বলে খবর। আর তাতেই ত্রাহী ত্রাহী রব বাজারে।
আর বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারের এই লাগাতার পতনের পিছনে রয়েছে ইরান যুদ্ধ। পাশাপাশি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিও যে শেয়ারবাজারকে নীচে টেনে নামাচ্ছে, সেটাও জানিয়ে দিচ্ছেন তাঁরা।
মাথায় রাখতে হবে, সারা বিশ্বেই এখন অস্থিরতা। বিশ্বের একাধিক দেশের শেয়ারবাজার তলানিতে গিয়ে ঠেকেছে। যার রেশ এসে পড়েছে ভারতেও। আজ সেনসেক্স এবং নিফটির ব্যাঙ্কিং, মেটাল, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের হাল খারাপ। এই সব সেক্টরের স্টক হু হু করে তলিয়ে যাচ্ছে।
ব্যাঙ্কিং স্টকই মার্কেটকে টেনে নামিয়েছে
এ দিন সকাল থেকেই ব্যাঙ্কিং স্টকের হাল খারাপ হয়ে যায়। এইচডিএফসি ব্যাঙ্ক ড্রপ করেছে প্রায় ২.৩ শতাংশ। এছাড়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১.৯ শতাংশ নেমেছে। এর পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের হালও খারাপ।
মাথায় রাখতে হবে, এই সব স্টকগুলির ভারতীয় শেয়ারবাজারে বিরাট ওয়েটেজ রয়েছে। তাই এগুলি পড়লে তরতরিয়ে নিয়ে নামতে থাকে শেয়ারবাজার।
ডিফেন্স স্টকে লাভ
মার্কেট পড়েছে। তবে এই পরিস্থিতিতেও লাফিয়েছে কিছু ডিফেন্স স্টক। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভার আজ ১.৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি ট্রেন্ট, ভারতী এয়ারটেল ও রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের স্টকের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আইটিসি-ও কিছুটা বেড়েছে।
কেন পড়ছে বাজার?
এই প্রসঙ্গটা নিয়ে নিজের মতামত জানিয়েছেন জিওজিৎ ইনভেস্টমেন্টের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ডা: ভিকে বিজয়কুমার। জিওপলিটিক্যাল টেনশন বাড়ছে। তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এমনকী বিদেশি বিনিয়োগকারীরাও সেল করে যাচ্ছে। যার ফলে শেয়ারবাজারের অবস্থা খারাপ বলে মনে করছেন তিনি।
এমন পরিস্থিতিতে সাবধানে বিনিয়োগ করুন। টাকা লাগানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।