দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেন (প্রতীকী ছবি @ পিক্সেলস)আগামী বছর ১৫ অগাস্ট দেশে দৌড়াবে প্রথম বুলেট ট্রেন। প্রথম ট্রেনটি মুম্বই থেকে আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরে চলবে। ২০১৭ সালে এই ট্রেন প্রকল্প শুরু হয়েছিল। আর এক দশক পর এই স্বপ্নপূরণ হচ্ছে। তবে এর মধ্যে আবার পশ্চিমবঙ্গবাসীর জন্যও রয়েছে সুখবর। দিল্লি ও শিলিগুড়ি রুটেও বুলেট ট্রেনের ঘোষণা হয়েছে। যার ফলে বর্তমান যে যাত্রাটা করতে ২০ ঘণ্টা লাগে, সেটা মাত্র ৬ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে। আর সবথেকে বড় কথা, ইতিমধ্যেই এই বুলেট ট্রেন কোথা দিয়ে যাবে, সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে।
৮৬৫ কিমি রুট
লেটেস্ট তথ্য অনুযায়ী, ন্যাশনাল হাই স্পিড ট্রেন কর্পোরেশন লিমিটেড দিল্লি ও শিলিগুড়ি রুট সম্পর্কে একটা বিস্তারিত প্রোজেক্ট রিপোর্ট জমা দিয়েছে। তারা চাইছে দিল্লি থেকে শিলিগুড়ির এই বুলেট ট্রেন বারাণসী ও পাটনা হয়ে যাবে। এই রেল পথ হবে ৮৬৫ কিমি দীর্ঘ।
নতুন বুলেট ট্রেনের প্রস্তাব অনুযায়ী, দিল্লি ও বারাণসীর মধ্যে প্রায় ৭৬৫ কিমি দূরত্ব অতিক্রম করতে মাত্র সাড়ে ৩ ঘণ্টার মতো সময় লাগবে। এই দূরত্বটাই অতিক্রম করতে এতদিন ১১ থেকে ১২ ঘণ্টা সময় লাগত।
এছাড়া শিলিগুড়ি থেকে বারাণসী যাওয়ার সময়টাও অনেকটাই কমবে। এক্ষেত্রে ২ ঘণ্টা ৫৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে বারাণসী।
আর শিলিগুড়ি থেকে দিল্লি যেতে যেখানে ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে, সেটাও কমতে চলেছে। মাত্র ৬ ঘণ্টা ৪৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে দিল্লিতে। তাই এটা বোঝাই যাচ্ছে যে এই ট্রেন চালু হলে পুরো বদলে যাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা। এর ফলে উত্তরবঙ্গবাসীরা খুব সহজেই দিল্লি পৌঁছে যেতে পারবেন। আবার দিল্লি থেকেও উত্তরবঙ্গ ও উত্তরপূর্বের অন্যান্য রাজ্যে দ্রুত গতিতে পৌঁছে যাওয়া যাবে।
বিহারের জন্যও গুরুত্বপূর্ণ
এই ট্রেনটি বিহারের জন্যও বিরাট বড় সুযোগ নিয়ে আসবে। আসলে এটি শিলিগুড়ি যাওয়ার পথে বক্সার, আরা ও পটনার মতো প্রধান শহরগুলির উপর দিয়ে যাবে। যার ফলে দেশের এই অংশের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে।
কী লাভ হবে?
বিশেষজ্ঞরা মনে করছেন, এই হাই স্পিড রেল নেটওয়ার্ক গড়ে উঠলে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি। যাতায়াতের সময় কমবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নতিও হবে।