সোনা-রুপোর দামে ধস, কারণ আমেরিকা!Gold Silver Price Crash 2026: মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যেই এক লাফে পড়ল সোনা-রুপোর দাম। ভারতে রুপোর দাম এক ধাক্কায় প্রায় ১৬,৬০০ টাকা কমেছে। এর জন্য আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কমেছে সোনার দামও। বাজার বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আর্থিক ডেটা প্রকাশিত হয়েছে। সুদের হার নিয়েও জল্পনা তুঙ্গে। আর সেই কারণেই দাম কমছে সোনা-রুপোর।
শুক্রবার আন্তর্জাতিক কমোডিটি বাজারে লেনদেন শেষে দেখা যায়, সোনা ও রুপো; দুই ধাতুর দামেই ব্যাপক পতন হয়েছে। প্রভাব পড়েছে দেশের গয়না বাজারেও। দিল্লি, মুম্বই-সহ বিভিন্ন শহরে সোনার গয়নার দাম কমেছে।
এমসিএক্সে সোনা ও রুপোর দাম কতটা কমল?
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ ১০ গ্রাম সোনার দাম প্রায় ৩,৯৪৭ টাকা কমে ১,৫৫,৬০০ টাকায় নেমে এসেছে। অন্য দিকে, প্রতি কিলোগ্রাম রুপোর দাম ১৬,৫৯৫ টাকা কমে দাঁড়িয়েছে ২,৪৮,২০১ টাকায়।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের পরিস্থিতির কারণেই মন বদলাচ্ছেন বিনিয়োগকারীরা। তারই প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।
সোনা-রুপোর বাজারে ধস কেন?
বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের লেটেস্ট ফিনান্সিয়াল ডেটা আগের তুলনায় ভাল। ফলে ডলার শক্তিশালী হয়েছে। মার্কিন বন্ডের রিটার্নও বেড়েছে। স্বাভাবিকভাবেই সোনা ও রুপোর মতো নিরাপদ বিনিয়োগে আগ্রহ কমছে বিনিয়োগকারীদের।
চলতি বছরের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে বলেও বাজারে জল্পনা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সোনা-রুপো ছেড়ে ব্যাঙ্কেই টাকা রাখেন। ফলে সেই প্রভাবও পড়েছে।
আন্তর্জাতিক বাজারের ছবি
স্পট মার্কেটে সোনার দাম প্রায় ৩.২ শতাংশ কমে আউন্স প্রতি ৪,৩৩০.১০ ডলারে নেমে এসেছে। রুপোর দামও প্রায় ৭.১ শতাংশ কমে আউন্স প্রতি ৬৮.৬৩ ডলারে পৌঁছেছে।