স্মার্ট মিটার নিজে থেকেই কেটে যাবে?Smart meter electricity rules 2026: বাড়িতে স্মার্ট মিটার বসেছে মানেই কি ব্যালেন্স শূন্য হলেই ঘুটঘুটে অন্ধকার? এই আতঙ্ক এখন ঘরে ঘরে। উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটার নিয়ে নানা অভিযোগের পাহাড় জমলেও, সম্প্রতি বিদ্যুৎ দপ্তর গ্রাহকদের জন্য একগুচ্ছ স্বস্তির খবর শুনিয়েছে। ব্যালেন্স শেষ হলেও বিদ্যুৎ সংযোগ হুট করে বিচ্ছিন্ন হবে না। বরং গ্রাহকদের বড়সড় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ম কী বলছে?
অনেকেরই ধারণা ছিল স্মার্ট মিটারে টাকা ফুরিয়ে গেলেই অটোম্যাটিক লাইন কেটে যাবে। কিন্তু সরকারি নির্দেশিকা বলছে অন্য কথা। ১ কিলোওয়াট লোডের কানেকশন থাকলে আপনার মিটারের ব্যালেন্স যদি মাইনাসেও চলে যায়, তাহলেও টানা ৩০ দিন বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে। আবার ২ কিলোওয়াট লোড যাঁদের বাড়িতে, তাঁদের ক্ষেত্রে অন্তত ২০০ টাকা পর্যন্ত ‘নেগেটিভ ব্যালেন্স’ না হওয়া পর্যন্ত নিশ্চিন্তে পাখা-আলো চলবে।
কখন কাটা হতে পারে কানেকশন?
আপনার ব্যালেন্স মাইনাস হওয়ার পর থেকেই ফোনে মেসেজ পাঠানো শুরু হবে। এই নেগেটিভ ব্যালেন্স পজিটিভ করার জন্য গ্রাহককে টানা ৩০ দিন সময় দেওয়া হয়। এরপরও যদি রিচার্জ না করা হয়, তবে মেলে আরও ৩ দিনের 'এমার্জেন্সি ক্রেডিট পিরিয়ড'। অর্থাৎ সব মিলিয়ে হাতে যথেষ্ট সময় থাকে। এই চূড়ান্ত সময়সীমা পার হওয়ার আগে রিচার্জ না করলে তবেই যান্ত্রিকভাবে সংযোগ বিচ্ছিন্ন হবে।
ছুটির দিনে চিন্তা নেই:
গ্রাহকদের যাতে হয়রানি না হয়, তার জন্য কড়া নিয়ম বেঁধে দিয়েছে দHlর। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত কোনোভাবেই সংযোগ কাটা যাবে না। এ ছাড়া রবিবার, মাসের দ্বিতীয় শনিবার এবং যে কোনো সরকারি ছুটির দিনে বা উৎসবের মরসুমেও মিটার অফ হবে না। ফলে মাঝরাতে বা উৎসবের দিনে লোডশেডিংয়ের ভয় থাকছে না।
লাইন কাটলে ফিরবে কতক্ষণে?
অসাবধানতাবশত যদি সংযোগ কেটেও যায়, ঘাবড়ানোর কিছু নেই। কোনো মেকানিজমের সাহায্যের প্রয়োজন হবে না। আপনি শুধু ফোনে রিচার্জ করে নিলেই হলো। রিচার্জ হওয়ার মোটামুটি ২ ঘণ্টার মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে আপনার বাড়িতে।