স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা করলেন CM শুভেন্দু। ঘরে ঘরে স্মার্টমিটার লাগানো বাধ্যতামূলক করছে না সরকার। বুধবার বিধানসভায় এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ঘোষণা করলেন, আগামী বছরের জানুয়ারি থেকে গ্রাহকরা প্রতি তিন মাসের পরিবর্তে এক মাস অন্তর বিল পাবেন।
এ দিন বিধানসভায় বামেদের খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন,'বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ঘরে ঘরে স্মার্টমিটার লাগানো বাধ্যতামূলক করছে না রাজ্য সরকার। মিছিল করার সুযোগ দেব না। এই সরকার মানুষের। আমরা জনগণের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিই। ছিন্নমূল, তৃণমূল, গুচ্ছমূল করি না। প্রসঙ্গের বাইরে গিয়ে বললাম'।
তিনি যোগ করেন,'যাদবপুর পার্টি সাবধান থাকুন। উস্কানি দিতে শুরু করেছেন। বেশি বাড়তে দেব না। এটা দুর্বল সরকার নয়। আশা করি, বিরোধীদের হতাশ মন নিয়ে ফিরতে হবে। পশ্চিমবঙ্গের জনতা-জনার্দন বিদ্যুৎ বাজেটে খুশি হবে'।
রাজ্যে সরকার বদলের পর বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক বলে জল্পনা ছড়িয়েছিল। অনেকের দাবি, এই মিটারের অতিরিক্ত টাকা দিতে হয় গ্রাহককে। তাছাড়া প্রিপেড রিচার্ড ব্যবস্থায় টাকা শেষ হলেই বিদ্যুৎ থাকে না। ফলে গরিব মানুষকে অসুবিধায় পড়তে হবে বলে দাবি করা হয়েছিল বিভিন্ন মহলে। সেই বিভ্রান্তিই দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়।