তারাপীঠে অনলাইনে ভিআইপি টিকিটতারাপীঠের মন্দিরে এবার নতুন নিয়ম। এখন থেকে অনলাইনে ভিআইপি টিকিট কেটে তারা মায়ের দর্শন করা যাবে। পুরনো দিনের মতো কাগুজে টিকিট কাটতে হবে না। বরং ঘরে বসে অনলাইনে টিকিট কেটেই মায়ের দর্শন করা যাবে। কৌশিকী অমাবস্যার আগে এমনই উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন।
টিকিটের দাম কত?
তারাপীঠের মন্দিরে ভিআইপি টিকিট অনেক দিন ধরেই রয়েছে। যদিও অভিযোগ হল, এতদিন টিকিট বিক্রির ক্ষেত্রে তেমন কোনও স্বচ্ছতা ছিল না। অনেক সময়ই ভক্তদের বেশি টাকা দিয়ে এই টিকিট কিনতে হয়েছে। আর সেই সমস্যার সমাধান করতে চেয়েছে মন্দির কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। এক্ষেত্রে অনলাইনে ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।
কীভাবে ঢুকবেন মন্দিরে?
অ্যাপের মাধ্যমেই কাটতে হবে টিকিট। তারপর সেটি দেখাতে হবে মন্দিরের গেটে। সেখানে কিআর কোড স্ক্যান হবে। তারপর ভিআইপি লাইনে ঢোকার ছাড়পত্র মিলবে।
কবে থেকে চালু হল এই পরিষেবা?
রবিবার থেকেই অনলাইন টিকিট কাটতে পারছেন পুন্যার্থীরা। এই পরিষেবা চালুর সময় সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, রামপুরহাটের মহকুমা শাসক, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সেবায়েতরা।
যতদূর খবর, ৫০০ টাকা খরচ করে প্রথম অনলাইন টিকিট কাটেন বিধায়ক ধ্রুব সাহা। তারপর তিনি মা তারার পুজো দেন।
আগের সরকারের আমল নিয়ে বিস্তর অভিযোগ
অভিযোগ, ভিআইপি টিকিট নতুন কিছু নয়। এটা অনেক দিন ধরেই রয়েছে। এর দাম ৫০০ টাকা। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুণ্যার্থীদের কাছ থেকে যেমন খুশি তেমন টাকা নেওয়া হয়েছে। কাউকে দিতে হয়েছে ৫০০ টাকা। কাউকে ১০০০ টাকা। আবার কাউকে ২০০০ টাকা। আর সেই টাকার কোনও হিসেবও নেই। তাই এমন পরিস্থিতিতে স্বচ্ছতা আনতে অনলাইন টিকিট পরিষেবা শুরু করা হল।
কৌশকি অমাবস্যা উপলক্ষ্যেই চালু পরিষেবা
কৌশিকী অমাবস্যা আসছে। তার আগেই প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক বা পাইলট প্রজেক্ট হিসেবে এই পরিষেবা চালু করা হল। এক্ষেত্রে দিনে ৫০০ জন পুণ্যার্থীর জন্য অনলাইনে ভিআইপি টিকিট বুকিংয়ের সুযোগ খোলা রাখা হয়েছে। তারপর ধীরে ধীরে এটি আরও বাড়ানো হবে। এমনকী আগামিদিনে টিকিটের পাশাপাশি পুজোর টাইম স্লটও বুক করা যাবে বলে খবর।
বিষয়টি সম্পর্কে মন্দিরের অন্যতম পান্ডা সজলকুমার ভট্টাচার্য বলেন, 'নতুন এই পরিষেবা চালু করা হয়েছে সাধারণ পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই। এতে খুব সহজেই তারা মায়ের মুখ দর্শন করা যাবে।'