
এথার এনার্জি তাদের স্কুটার ব্যবহারকারীদের জন্য নতুন একটি বড় আপডেট ঘোষণা করেছে, যেখানে এবার স্কুটার শুধু চলবে না, আপনার সঙ্গে 'কথাও বলবে'। কোম্পানির সিইও তরুণ মেহতা সোশ্যাল মিডিয়ায় জানান, ‘ভয়েস অন এথার’ ফিচারের রোলআউট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি এখন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
এই ফিচারটি মূলত জেন ৩ এবং তার পরবর্তী মডেলের স্কুটারগুলোর জন্য উপলব্ধ থাকবে। প্রথমে Ather Community Day 2025-এ AtherStack 7 আপডেটের অংশ হিসেবে এই প্রযুক্তির ঘোষণা করা হয়েছিল। এবার সেটাই বাস্তবে ব্যবহারকারীদের হাতে পৌঁছে গেল।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক কথোপকথনের মতো ভাষায় স্কুটারকে বিভিন্ন নির্দেশ দিতে পারবেন। এটিকে অনেকটা গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপল সিরির মতো স্মার্ট ভয়েস কন্ট্রোল সিস্টেম বলা যেতে পারে, তবে এটি বিশেষভাবে স্কুটারের জন্য তৈরি।
এই সিস্টেমটি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) উপর ভিত্তি করে কাজ করে, যা ভারতীয় ভাষা ও কথ্যভঙ্গি বোঝার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ফলে ব্যবহারকারীরা নিজের স্বাভাবিক ভাষাতেই স্কুটারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বর্তমানে এই ফিচারের মাধ্যমে চারটি প্রধান কাজ করা যাবে, নেভিগেশন, গাড়ির সেটিংস নিয়ন্ত্রণ, কল ও নোটিফিকেশন ম্যানেজমেন্ট এবং মিডিয়া কন্ট্রোল। অর্থাৎ, চলার পথে চার্জিং স্টেশন খোঁজা থেকে শুরু করে ট্র্যাকশন কন্ট্রোল বা ডিসপ্লে ব্রাইটনেস পরিবর্তন, সবই সম্ভব হবে কেবল কণ্ঠস্বরের মাধ্যমে।
এই ভয়েস সিস্টেম ব্যবহার করতে Ather Halo স্মার্ট হেলমেট বা যেকোনও ব্লুটুথ হেডসেট ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এই প্রযুক্তিকে আরও উন্নত করে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে স্কুটারও চালকের সঙ্গে কথা বলতে পারে। এর পাশাপাশি এথার আগেই জানিয়েছিল, ভবিষ্যতে স্কুটার রাস্তার গর্ত, পার্কিং পরিস্থিতি এবং টায়ার প্রেশার সম্পর্কেও তথ্য দিতে পারবে।
এই নতুন ভয়েস ফিচার বর্তমানে Ather 450X, 450 Apex এবং Rizta Z মডেলে পাওয়া যাবে, যেগুলো Gen 3 হার্ডওয়্যারে চলে। তবে Rizta S এবং Ather 450S মডেলে এই ফিচারটি থাকবে না। ব্যবহারকারীরা ইতিমধ্যেই OTA আপডেটের মাধ্যমে এই সুবিধা পাওয়া শুরু করেছেন।