ট্রেনের টিকিট বাতিলের নয়া নিয়মট্রেনের টিকিট ক্যানশেলের টাকা ৪ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টে চলে আসার সেই নিয়ম এখন আর নেই। কেন্দ্রের নয়া 'রিফর্ম এক্সপ্রেস'-এ ট্রেনের টিকিটের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ করা হয়েছে। যার নির্যাস, ক্যানসেল করা আরও শক্ত হয়ে গিয়েছে। নয়া নিয়মে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। আগে যা ছিল ৪ ঘণ্টা।
কখন ক্যানসেল করলে কত টাকা কাটবে?
ট্রেনের টিকিট বাতিল করার টাকা পাওয়ার এই নয়া নিয়ম লাগু হচ্ছে ১ এপ্রিল থেকে। এই নয়া নিয়মে ৮ ঘণ্টা উইন্ডোর পাশাপাশি আরও কিছু বিষয় জেনে রাখা উচিত। তার মধ্যে অন্যতম, যদি ট্রেন ছাড়ার ৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করেন (আগে ছিল ৪ থেকে ১২ ঘণ্টা), তাহলে টিকিটের টাকার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। যদি ট্রেন ছাড়ার ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করেন (আগে ছিল ১২ থেকে ৪৮ ঘণ্টা), তাহলে ২৫ শতাংশ ভাড়া কেটে নেওয়া হবে।
তাহলে রিফান্ড কি অনেকটাই কমে গেল?
ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে (আগে ছিল ৪৮ ঘণ্টা) তাহলেই একমাত্র সর্বাধিক রিফান্ড মিলবে। না হলে হাতে পেনসিল! তবে একটি নির্দিষ্ট টাকা কাটবেই। পুরো টাকা রিফান্ডের দিন শেষ। এছাড়াও ট্রেনে কোন ক্লাসে টিকিট কেটেছেন, তার উপরেও নির্ভর করবে, কত টাকা আপনি রিফান্ড পাবেন বা ফ্ল্যাট চার্জ কত টাকা কাটা হবে। যেমন, এসি ফার্স্ট ক্লাস বা এগজিকিউটিভ ক্লাসে টিকিট ক্যানসেল করলে ২৪০ টাকা চার্জ কাটা হবে। এসি টু টিয়ার বা ফার্স্ট ক্লাসে টিকিট ক্যানসেল করলে ২০০ টাকা কাটা হবে। এসি থ্রি টিয়ার, চেয়ার কার বা এসি থ্রি ইকোনমিতে টিকিট বাতিল করলে ১৮০ টাকা কাটা হবে।
| ৮ ঘণ্টা আগে | কোনও টাকা ফেরত নয় | আগে যা ছিল ৪ ঘণ্টা |
| ৮ থেকে ২৪ ঘণ্টার আগে | ৫০ শতাংশ কাটা হবে | আগে ছিল ৪ থেকে ১২ ঘণ্টা |
| ২৪ থেকে ৭২ ঘণ্টা আগে | ২৫ শতাংশ কাটা হবে | আগে ছিল ৪৮ ঘণ্টা |
| ৭২ ঘণ্টা আগে | সর্বাধিক রিফান্ড | আগে ছিল ৪৮ ঘণ্টা |
নন এসি স্লিপার ক্লাসকেও ছাড় দেওয়া হয়নি। এই ক্লাসে টিকিট বাতিল করলে ১২০ টাকা কাটা হবে। সেকেন্ড ক্লাসে টিকিট বাতিল করলে ৬০ টাকা কাটা হবে।
১ এপ্রিল থেকে রেলে আরও কী কী বদল?
এখন থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত আইআরসিটিসি (IRCTC) অ্যাপের মাধ্যমে যাত্রীরা তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। কাউন্টার টিকিট থাকলেও ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে উচ্চতর ক্লাসে আপগ্রেড করার সুযোগ থাকছে। অফলাইন বা কাউন্টার থেকে কেনা টিকিট এখন দেশের যে কোনও রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকেই বাতিল করা যাবে। আগে যেখানে বুকিং করা হত, সেখান থেকেই বাতিল করার বাধ্যতা ছিল। অনলাইন টিকিটের ক্ষেত্রে রিফান্ড প্রসেস অনেক সহজ করা হয়েছে। অনেক ক্ষেত্রে এখন আর টিডিআর (TDR) ফাইল করার প্রয়োজন পড়বে না, টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিটের ক্ষেত্রে নিয়মে বিশেষ বদল হয়নি। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত এই ধরনের টিকিট বাতিল করলে যাত্রীপ্রতি ৬০ টাকা চার্জ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।