UPI-এর লেনদেন নিয়ে নিয়ম বদলাচ্ছে? কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সংসদে 'Payment and Settlement Systems (Amendment) Bill, 2027' পেশ করেছে। এই বিলে MDR (Merchant Discount Rate) চালুর প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২,০০০ টাকার বেশি বাণিজ্যিক UPI লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হতে পারে।
অনেকেই দাবি করছেন, ২,০০০ টাকার বেশি UPI পেমেন্ট করলেই সব ব্যবহারকারীকে অতিরিক্ত চার্জ দিতে হবে। যদিও বাস্তবে সাধারণ UPI ব্যবহারকারীদের উপর এই নিয়ম প্রযোজ্য হবে না।
সাধারণ গ্রাহকদের কী প্রভাব পড়বে?
সংশোধনী বিল অনুযায়ী গ্রাহক থেকে গ্রাহকের UPI লেনদেন সম্পূর্ণভাবে MDR-এর বাইরে থাকবে। অর্থাৎ, আপনি যদি কাউকে ২,০০০ টাকার বেশি UPI-তে পাঠান, তবুও কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। এখনকার মতোই সাধারণ ব্যবহারকারীরা প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত UPI-তে লেনদেন করতে পারবেন। হাসপাতাল, শিক্ষা, কর ইত্যাদি বিশেষ ক্ষেত্রে এই সীমা আরও বেশি হতে পারে।
তবে দুধ, সবজি, মুদি দোকানের কেনাকাটা, অটো বা ট্যাক্সি ভাড়ার মতো দৈনন্দিন লেনদেনেও সাধারণ গ্রাহকদের উপর এই MDR-এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
MDR কী?
MDR হল এমন একটি ফি, যা ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে দিয়ে থাকেন। অর্থাৎ, এই চার্জ গ্রাহকের নয়, কেবলমাত্র ব্যবসায়ীর উপর প্রযোজ্য।
কেন আনা হচ্ছে এই প্রস্তাব?
২০২০ সালের জানুয়ারি থেকে UPI এবং RuPay ডেবিট কার্ডে MDR তুলে দিয়েছিল সরকার। যাতে ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দেওয়া যায়। কিন্তু নতুন সংশোধনী বিলে নির্দিষ্ট কিছু বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে MDR ফের চালুর প্রস্তাব করা হয়েছে।
কারা এই MDR-এর আওতায় আসতে পারেন? এই নিয়ম মূলত প্রভাব ফেলতে পারে ব্যঙ্কের পরিষেবা, UPI পরিষেবা প্রদানকারী সংস্থা, মার্চেন্ট পেমেন্ট ইকোসিস্টেম এবং BHIM-UPI-এর মাধ্যমে অর্থ গ্রহণকারী ব্যবসায়ীদের উপর।
একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৯৫ শতাংশ মার্চেন্ট UPI লেনদেনই ২,০০০ টাকার কম। মাত্র ৫ শতাংশ লেনদেন ২,০০০ টাকার বেশি। ফলে MDR চালু হলেও মূলত এই ৫ শতাংশ বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেই তা প্রযোজ্য হতে পারে।
কত হতে পারে MDR?
'টাইমস অফ ইন্ডিয়া*'-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২,০০০ টাকার বেশি বাণিজ্যিক UPI লেনদেনে ০.২৫ শতাংশ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত MDR ধার্য হতে পারে। এছাড়া ২৫-৩০ বেসিস পয়েন্ট হারে চার্জ নিয়ে আলোচনাও চলছে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে, সরকার সেই বিষয়ে এখনও চূড়ান্ত নেয়নি।