স্টক মার্কেটের লাফগত মাস থেকেই তলিয়ে যাচ্ছে শেয়ারবাজার। ইরান যুদ্ধের পর থেকেই মার্কেটের হাল খারাপ। কিন্তু আজ উলট পুরাণ দেখল সেনসেক্স ও নিফটি। আজ দিনের শুরুতেই উঠল দুই শেয়ার সূচক। আর এহেন বৃদ্ধির নেপথ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
আসলে ট্রাম্প মঙ্গলবার যুদ্ধ বন্ধের একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই সেনা অভিযান শেষ হতে পারে। আর এই ঘোষণার রেশ ধরেই চড়ছে ভারতের শেয়ারবাজার। সেনসেক্স এবং নিফটি, দুইই ঊর্ধ্বমুখী। ১৯০০ পয়েন্ট বেড়ে ৭৩,৮০০-এর উপরে উঠে গিয়েছে সেনসেক্স। ও দিকে নিফটিও ৬০০ পয়েন্ট লাফিয়েছে।
সেনসেক্স, নিফটির রকেট উত্থান
আগের দিন ৭১,৯৭৪ পয়েন্ট শেষ করেছিল সেনসেক্স। আর আজ দিনের শুরুতেই এটা পৌঁছে যায় ৭৩,৭৬২ পয়েন্টে। আর কিছুক্ষণের মধ্যেই এটা ৭৩,৮৬৫ পয়েন্ট পৌঁছে যায়।
ও দিকে সেনসেক্সের মতোই বেড়েছে নিফটি। এটি মঙ্গলবার ২২,৩৩১ পয়েন্টে ক্লোজিং করে। আর আজ মার্কেট খুলতেই এটি পৌঁছে যায় ২২,৮৯৯ পয়েন্টে। তারপর এটি ২২,৯৩০ পয়েন্টে উঠে যায়। বাড়ে প্রায় ৬০০ পয়েন্ট।
কোন কোন স্টকে লাভের মুখ দেখা যাচ্ছে?
শেয়ারমার্কেট লাফানোর ফলে আজ বেশ কিছু স্টকে বাম্পার লক্ষ্মীলাভ হচ্ছে। এ দিন ট্রেন্টের শেয়ার ৭ শতাংশ, বিইএল এর শেয়ার ৬.৫০ শতাংশ, ইন্ডিগোর শেয়ার ৬ শতাংশ, আদানি পোর্টসের শেয়ার ৪.৭০ শতাংশ, টিসিএস-এর শেয়ার ৪ শতাংশ, বাজাজ ফিনান্সের শেয়ার ৩.৯০ শতাংশ, এলটি-এর শেয়ার ৩.৫৬ শতাংশ, ইটারনাল শেয়ার ৩.৩২ শতাংশ, এম অ্যান্ড এম শেয়ার ৩.১০ শতাংশ এবং মারুতির শেয়ার ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মিড ক্যাপ সেকশনে কোন কোন স্টক লাফাচ্ছে?
মিড ক্যাপ সেকশনে কোফর্জের শেয়ার ৫.২০ শতাংশ টিআই-এর শেয়ার ৫.২০ শতাংশ, জিএমআর এয়ারপোর্টের শেয়ার ৪.৫০ শতাংশ, সুজলনের শেয়ার ৪.৩০ শতাংশ এবং ডিক্সনের শেয়ার ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লার্জ ক্যাপ থেকে মিড ক্যাপ, স্মল ক্যাপ, সব সেক্টরের স্টকেই আজ লাভ মিলছে।
এশিয়ার মার্কেটেও উঠছে
আজ শুধু সেনসেক্স বা নিফটি নয়, পাশাপাশি এশিয়ার সব মার্কেটই উঠছে। এ দিন জাপানের নিক্কেই ২৫০০ পয়েন্ট উঠেছে। হ্যাং সেঙ্গ লাফিয়েছে ৫০০ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ার কোসপি ৭.৩০ শতাংশ বেড়ে ৩৮০ পয়েন্ট উঠেছে।
ওদিকে আজ আবার পড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০৫ ডলার প্রতি ব্যারেলে নেমেছে। এছাড়া ডব্লুটিআই তেলের দাম কমেছে ১০৩ ডলার প্রতি ব্যারেল। তাতেই লাফাচ্ছে বাজার।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।