বাজারে TVS-এর নতুন মডেল, লঞ্চ হল Callisto 110 স্কুটারTVS Callisto 110: আজকাল অনেকেই ইন্দোনিশায়া, ভিয়েতনাম, মায়ানমারের মতো দেশে বেড়াতে যান। তাঁদের সবার একটি অভিজ্ঞতা কমন। এই দেশগুলিতে রাস্তায় বাইকের চেয়ে স্কুটির সংখ্যাই বেশি। আসলে ঘিঞ্জি রাস্তা, অলিগলিতে যাতায়াতের জন্য সেখানে স্কুটারের আলাদা কদর আছে। স্বাভাবিকভাবেই সব কোম্পানিই এই মার্কেটগুলি টার্গেট করে স্কুটার ডিজাইন করে। ভারতের সঙ্গে এই দেশগুলির রাস্তা, আবহাওয়া এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতার মিল আছে। ফলে সেখানে কোনও স্কুটি ভাল বিক্রি হলে তা ভারতেও জনপ্রিয়তা পায়। সেই ট্রেন্ড বজায় রেখেই ইন্দোনেশিয়ার মার্কেটে নতুন স্কুটার লঞ্চ করল টিভিএস। নাম TVS Callisto 110। অটোমোবাইল বিশেষজ্ঞদের ধারণা, খুব শীঘ্রই ভারতেও এই স্কুটি লঞ্চ হতে পারে।
নাম থেকেই স্পষ্ট, ১১০ সিসির স্কুটি। ভাল মাইলেজ, আধুনিক প্রযুক্তি এবং একাধিক সুবিধার ফিচার পাবেন। আর এই USP দিয়েই ইন্দোনেশিয়ার প্রতিযোগিতাপূর্ণ বাজারে নিজেদের পজিশন আরও পোক্ত করতে চাইছে TVS।
ইন্দোনেশিয়ার জাকার্তায় এই স্কুটারের অন-রোড দাম 20.9 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ (IDR)। ভারতীয় মুদ্রায় 1,06,069 টাকা।
নতুন ইঞ্জিন, বেশি মাইলেজ
TVS-এর দাবি, নতুন Callisto 110-এ সম্পূর্ণ নতুন ইঞ্জিন রয়েছে। থাকছে Integrated Starter Generator (ISG) প্রযুক্তি। পাশাপাশি স্টপ-গো সিস্টেম রয়েছে। ট্র্যাফিক সিগন্যাল বা স্বল্প সময়ের জন্য স্কুটার থামলে স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন বন্ধ করে হয়ে যায়। আবার স্কুটার চালানো শুরু করলে ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে যায়। এর ফলে জ্বালানি সাশ্রয় হয়। অবশ্য এই টেকনোলজি নতুন কিছু নয়। আজকাল অনেক এন্ট্রি লেভেল স্কুটারেই এই ফিচার থাকে।
কী কী ফিচার পাবেন
Callisto 110-তে একাধিক আধুনিক ফিচার্স পাবেন। রয়েছে 33 লিটারের আন্ডার-সিট স্টোরেজ। সামনের দিক থেকে ফুয়েল ভরার ব্যবস্থা, USB চার্জিং পোর্ট-সহ অল-ইন-ওয়ান লক এবং অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন পাবেন।
সেফটির দিকেও বিশেষ নজর দিয়েছে সংস্থা। রয়েছে Emergency Brake Signal। রয়েছে Auto-Off Turn Signal, ফলে নির্দিষ্ট সময় পরে ইন্ডিকেটর নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
ইন্দোনেশিয়ার বাজারে নজর TVS-এর
TVS Motor-এর লক্ষ্য, ইন্দোনেশিয়ার 110 সিসি অটোমেটিক স্কুটার বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করা। Asosiasi Industri Sepeda Motor Indonesia (AISI)-এর তথ্য অনুযায়ী, দেশের মোট দু'চাকার যানবাহন বিক্রির প্রায় অর্ধেকই 110 সিসি অটোমেটিক স্কুটার সেগমেন্ট থেকে আসে। তাই এই বাজারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থা।
TVS Motor Company-র প্রেসিডেন্ট (International Business) পেইমান কার্গার বলেন, ইন্দোনেশিয়া TVS-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। স্থানীয় গ্রাহকদের লাইফস্টাইলের কথা মাথায় রেখেই নতুন Callisto 110 তৈরি করা হয়েছে। তবে ভারতে লঞ্চের পরিকল্পনা নিয়ে তিনি এখনই কিছু জানানি। TVS Motor Company-র রিজিওনাল বিজনেস হেড (ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর) অ্যান্টনি হো জানান, 110 সিসি সেগমেন্টে এই প্রথম Auto-Off Turn Signal এবং Emergency Brake Signal-এর মতো ফিচার যোগ করা হয়েছে।