প্রতীকী ছবিঅফিসযাত্রীদের জন্য স্বস্তির খবর। Uber-এর ‘উবার শাটল’ পরিষেবা বন্ধ হওয়ার পরই কলকাতায় নতুনভাবে শুরু হতে চলেছে অ্যাপ-ভিত্তিক বাস পরিষেবা Cityflo। আগামী ৬ এপ্রিল থেকে শহরে প্রায় ৩০০টি বাস নিয়ে পরিষেবা চালু করছে এই সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত সেই রুট, সময় এবং স্টপেজগুলিকেই অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে আগে উবার শাটল চলত। ফলে হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের যে সমস্যার মুখে পড়তে হয়েছিল, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
কোন রুটে চলবে বাস?
সিটিফ্লো-র বাস চলবে শহরের একাধিক গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা থেকে, রানিকুঠি, বিজয়গড়, সোনারপুর, বারুইপুর, জোকা, বারাসত, ব্যারাকপুর ও হাওড়া। এই সমস্ত জায়গা থেকে সরাসরি যাতায়াত করা যাবে সেক্টর ফাইভ ও নিউটাউন-এ, যেখানে কলকাতার আইটি ও কর্পোরেট অফিসের বড় অংশ রয়েছে।
প্রথমে ১০০টি বাস দিয়ে পরিষেবা শুরু করার পরিকল্পনা থাকলেও, যাত্রীদের চাহিদা দেখে তা বাড়িয়ে একেবারে ৩০০টি বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু’মাসে ধাপে ধাপে আরও রুট ও সময়সূচি যুক্ত করা হবে।
কীভাবে বুকিং করবেন?
এই পরিষেবার জন্য যাত্রীদের Cityflo অ্যাপ ডাউনলোড করে বুকিং করতে হবে। অ্যাপের মাধ্যমে রুট, সময় এবং আসন নির্বাচন করে আগাম সিট রিজার্ভ করা যাবে।
পরিষেবা নিয়ে কী বলছে সংস্থা?
সিটিফ্লো জানিয়েছে, তারা স্থানীয় বাস অপারেটরদের সঙ্গে যৌথভাবে পরিষেবা চালাবে, যাঁদের অনেকেই আগে উবার শাটলের সঙ্গে যুক্ত ছিলেন। তাই পরিষেবা চালু করতে বড় কোনও সমস্যা হবে না বলেই তাদের দাবি।