UPI-তে টাকা যেতে সময় লাগবে ১ ঘণ্টাদেশে আজ ডিজিটাল পেমেন্টের সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠেছে UPI। ৫-১০ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা মুহূর্তে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যাচ্ছে UPI-এর মাধ্যমে। ইনস্ট্য়ান্ট পেমেন্টের সুবিধার জন্য আজকাল ফুচকার দোকান থেকে শুরু করে শপিং মল- সর্বত্রই UPI অত্যন্ত জনপ্রিয়। তবে এবার UPI-তে ইনস্ট্য়ান্ট পেমেন্টের নিয়ম বদলাতে পারে।
ডিজিটাল ফ্রড রোধ করতে সম্প্রতি একের পর এক পদক্ষেপ নিয়েছে RBI। এবার এই বিষয়ে একটি নতুন চিন্তা ভাবনা করছে দেশের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক। একটি নয়া প্রস্তাবে ভাবা হয়েছে, UPI পেমেন্ট করতে এক ঘণ্টা সময় লাগবে। এর ফলে পেমেন্ট প্রায় এক ঘণ্টা দেরি হবে প্রাপকের।
RBI-এর এই প্রস্তাবের লক্ষ্য হল নির্দিষ্ট কিছু পেমেন্টের ক্ষেত্রে পদ্ধতি পরিবর্তন করা। এটি বাস্তবায়িত হলে, ১০,০০০ টাকার বেশি পেমেন্ট ইনস্ট্যান্ট লেনদেন নাও হতে পারে। বরং এই পেমেন্টগুলো সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।
জানা যাচ্ছে, ১০ হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে প্রেরকের (যে টাকা পাঠাচ্ছে) অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। কিন্তু প্রাপক (যে টাকা পাচ্ছে) এক ঘণ্টা পর টাকা পাবেন। RBI জানাচ্ছে, নিরাপত্তাজনিত কারণে এই পরিবর্তনটি আনা হচ্ছে। এই সময়ের মধ্যে, প্রেরকেরা চাইলে এক ঘণ্টার মধ্যে পেমেন্ট বাতিল করতে পারবেন।
P2P ট্রান্সফারের ক্ষেত্রেই এই নয়া নিয়ম
RBI-এর প্রস্তাবে ভাবা হয়েছে, এই নিয়ম শুধুমাত্র P2P ট্রান্সফারের উপরই প্রযোজ্য হবে। এর অর্থ হল, দোকানে কিউআর কোডের মাধ্যমে করা পেমেন্টের উপর এর কোনো প্রভাব পড়বে না। একজন সাধারণ UPI ব্যবহারকারী থেকে অপরজন সাধারণ UPI ব্যবহারকারীর ক্ষেত্রেই এই ১ ঘণ্টার সময় থাকবে।
১ ঘণ্টা কেন ভাবা হচ্ছে?
আরবিআই মনে করছে এই এক ঘণ্টা সময় ফ্রড ঠেকাতে সহায়ক হবে। রিজার্ভ ব্যাঙ্ক এই দেরিকে 'গোল্ডেন আওয়ার' বলছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীরা চাইলে এক ঘণ্টার মধ্যে লেনদেনটি বাতিলও করে দিতে পারেন। ফলে জালিয়াতের খপ্পরে পড়েছে বুঝতে পারলে, কোনও গ্রাহক নিজের লেনদেন বাতিল করে কষ্টার্জিত অর্থ বাঁচাতে পারেন।