
শনিবারই দেশে বৃদ্ধি করা হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে একলাফে ৬০ টাকা বাড়ানো হয়েছে ১৪.২ কেজির LPG সিলিন্ডারের রেট। রান্নাঘরের খরচে চাপ বাড়তেই সকলের প্রশ্ন, এবার কি তবে দামি হতে চলেছে পেট্রোল-ডিজেলও? এ বিষয়ে এবার মুখ খুলেছে কেন্দ্র সরকার।
LPG-র দাম বৃদ্ধি সত্ত্বেও, কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হবে না। কারণ হিসেবে বলা হচ্ছে, তিনটি জ্বালানি বিক্রয়কারী সংস্থা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) - এই বছরের শুরুতে প্রচুর মুনাফা করেছে। ফলে এই ধরনের আপৎকালীন পরিস্থিতি সামলানোর ক্ষমতা সংস্থাগুলির রয়েছে।
২০২২ সালের এপ্রিল থেকে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা থাকলেও তেল সংস্থাগুলি দেশে তেলের দাম একই রেখে গিয়েছে। লাভ ও ক্ষতির ব্যালেন্স করে চলছে কোম্পানিগুলি। এরফলে আমজনতার উপর অতিরিক্ত খরচের বোঝা চাপেনি।
পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে কেন আশঙ্কা দেখা দিয়েছিল?
আসলে ভারত জ্বালানির বিষয়ে পুরোপুরি আমদানি নির্ভর। ইরান যুদ্ধ শুরু করার কয়েক দিন পরেই হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। কারণ, উপসাগরীয় এলাকায় এই সরু প্রণালী দিয়েই বিশ্বের মোট অশোধিত তেলের ২০ শতাংশ নিয়ে যাওয়া হয়।
ভারতও বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে। এই কাঁচা তেল দিয়েই তৈরি করা হয় পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানি। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় আশঙ্কা দেখা দিয়েছিল তেলের দাম নিয়ে। যদিও এখন কেন্দ্র স্পষ্ট করল যে, জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না।
LPG সিলিন্ডারের দাম বেড়ে কত টাকা হল?
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ওয়েবসাইট অনুসারে LPG সিলিন্ডারের দাম বৃদ্ধির পর কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯৩৯ টাকা, দিল্লিতে দাম রয়েছে ৯১৩ টাকা, মুম্বইতে দাম রয়েছে ৯১২.৫০ টাকা ও চেন্নাইতে রয়েছে ৯২৮.৫০ টাকা।