বাজেট ২০২৬হোম গার্ড, সিভিক ভলান্টিয়ারদের মাইনে বাড়ছে। পারিশ্রমিক মাসিক ২ হাজার টাকা বাড়ানো হল, বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য বেতন বাড়বে। অগাস্ট ২০২৬ থেকে তারা বর্ধিত বেতন পাবেন। এছাড়া, হোম গার্ডদের জন্যও মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। বিজেপি সরকারের বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
এর আগের সরকার পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ারদের বর্তমান মাসিক বেতন ৯,০০০ থেকে ১০,০০০ টাকা (কনসোলিডেটেড পে) করেছিল। শেষ রাজ্য বাজেটে এই বেতন কাঠামো এবং উৎসবকালীন অ্যাড-হক বোনাসও বাড়ানো হয়েছিল। সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি কর্মরত ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক ভাতা ৩৭৮ টাকা হারে নির্ধারিত হয়েছিল। যাতে মাসিক হিসেবে প্রায় অতিরিক্ত ১,০০০ টাকার মতো যোগ হয়। অনেকদিন ধরে তাদের বেতনবৃদ্ধির দাবি উঠছিল।
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পতনের পর সিভিক ভলেন্টিয়ার পদটি থাকবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। মনে করা হচ্ছিল সরকার পতনের পর এই পদটিও ওঠানো হবে। বর্তমান বিজেপি সরকার এমন কোনও পদক্ষেপ নেয়নি। উপরন্তু বেতনও বাড়ানো হল সিভিকদের। সেইসঙ্গে বাড়ল হোম গার্ড, ভিলেজ পুলিশের বেতনও।
স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে।