বাংলায় জরিমানার নতুন নিয়মশহর ও জনবহুল এলাকার পরিচ্ছন্নতা এবং নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে জরিমানা চালু করেছে রাজ্য সরকার। প্রকাশ্যে থুতু ফেলা, যেখানে-সেখানে আবর্জনা ফেলা, খোলা জায়গায় প্রস্রাব-মলত্যাগ করা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বা বহন করলে এবার থেকে গুনতে হবে জরিমানা।
শুধু শহর নয়, জনসাধারণের ব্যবহারের জায়গা, হাসপাতাল চত্বর এবং বাসস্টপগুলিতে নজরদারি চালাবেন পুরকর্মীরা। ঘটনাস্থলেই জরিমানা করা হবে। তবে জরিমানার টাকা নেওয়া হবে শুধুমাত্র ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। সরকার সূত্রের খবর, এই উদ্যোগের লক্ষ্য হল বাংলার শহর ও নগরগুলিতে পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য আরও উন্নত করা। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জনপরিসর গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল আগেই জানিয়েছিলেন, সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হবে। জুলাই এবং অগাস্ট মাসে অগ্নিমিত্রা রাস্তায় নেমে প্রচারও চালান। বাজারের পরিচ্ছন্নতা দেখা থেকে ফুটপাত জবরদখল সরিয়েছেন। সচেতনতা পর্বের পর এবার চলে এল জরিমানা।
এক্সে (সাবেক টুইটার) পোস্টে অগ্নিমিত্রা লেখেন,‘১ সেপ্টেম্বর থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে না বলুন। প্লাস্টিকের ব্যাগ, কাপ, স্ট্র এবং একবার ব্যবহারযোগ্য কাটলারি ব্যবহার বন্ধ করুন। একসঙ্গে আমরা পরিবেশ রক্ষা করে আগামী প্রজন্মের জন্য আরও পরিচ্ছন্ন ও সবুজ বাংলা গড়ে তুলতে পারি'।’
কী কী করা যাবে না?
নতুন নিয়মে মূলত তিন ধরনের কাজ করলেই জরিমানা।
১. প্রকাশ্যে প্রস্রাব-মলত্যাগ- নির্দিষ্ট শৌচাগার ছাড়া কোনও খোলা জায়গায় প্রস্রাব বা মলত্যাগ করা যাবে না।
২. যেখানে-সেখানে আবর্জনা নয়- রাস্তা, ফুটপাথ, নালা, জলাশয়, খোলা জায়গায় বর্জ্য, প্লাস্টিক, ময়লা, আবর্জনা, নির্মাণবর্জ্য ফেলা নিষিদ্ধ। একই সঙ্গে প্রচলিত আইন ও সরকারি নির্দেশ অমান্য করে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বা বহন করলেও জরিমানা দিতে হবে।
৩. প্রকাশ্যে থুতু ফেলা-রাস্তা বা অন্য জনসাধারণের জায়গার পাশাপাশি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান, বাজার, সভা-সমাবেশের ভবন, জনসাধারণের পরিষেবা সংক্রান্ত ভবন এবং অন্যান্য সরকারি বা জনপরিসরে থুতু ফেলা নিষিদ্ধ।
কত টাকা জরিমানা?
প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগে ২০০ টাকা।
যেখানে-সেখানে আবর্জনা ফেলা, বেআইনি ভাবে বর্জ্য ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারে ২০০ টাকা।
প্রকাশ্যে থুতু ফেলায় ১০০ টাকা।
মঙ্গলবার থেকে রাস্তাঘাটে পরিচ্ছন্নতা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে আরও কড়া নজরদারি শুরু হয়ে গিয়েছে। নিয়ম ভাঙলেই আপনাকে দিতে হবে জরিমানা।