Indian Railways: নন্দীগ্রাম, কাঁথি থেকে রানাঘাট, জমি জট কাটিয়ে একযোগে গতি পাচ্ছে 17 রেলপথ

Ashwini Vaishnaw: বাংলায় রেলের উন্নতিতে ডবল ইঞ্জিন সরকারের ধামাকা। নন্দীগ্রাম থেকে শুরু করে কাঁথি, রানাঘাট-সহ একাধিক এলাকায় মোট ১৭টি রুটে বসছে নতুন রেল লাইন।

Advertisement
নন্দীগ্রাম, কাঁথি থেকে রানাঘাট, জমি জট কাটিয়ে একযোগে গতি পাচ্ছে 17 রেলপথ১৭টি রুটে বসছে নতুন রেল লাইন
হাইলাইটস
  • রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে উন্নতিও হবে ডবল ইঞ্জিন গতিতে।
  • ১৭টি রেল লাইন প্রজেক্ট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক।
  • কোন কোন রুটে রেল লাইন বসানোর কাজ ফের শুরু করা হবে?

রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে উন্নতিও হবে ডবল ইঞ্জিন গতিতে। এই প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর সরকার। শুক্রবার সেই প্রতিশ্রুতি পূরণে একধাপ এগোল কেন্দ্র। রাজ্যে আটকে থাকা ১৭টি রেল লাইন প্রজেক্ট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শুক্রবার রেলমন্ত্রী  অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জানিয়েছেন।

তিনি বলেন, "জমি অধিগ্রহণ, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছিল। তবে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে এই প্রকল্পগুলিকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

কোন কোন রুটে রেল লাইন বসানোর কাজ ফের শুরু করা হবে, বলে জানালেন রেলমন্ত্রী?

  • প্রান্তিক-সিউড়ি, 
  • বনগাঁ-পোড়া মহেশতলা, 
  • বনগাঁ-চাঁদবাজার, 
  • চাঁদবাজার-বাগদা, 
  • রানাঘাট (আড়ংঘাটা)-দত্তফুলিয়া, 
  • কাঁথি-এগরা, 
  • নন্দকুমার-বলাইপন্ডা, 
  • নন্দীগ্রাম-কাঁদিয়ামারি (নয়াচর), 
  • বোয়াইচন্ডী-আরামবাগ, 
  • বোয়াইচন্ডী-খানা, 
  • বাঁকুড়া (কলাবতী)-পুরুলিয়া ভায়া হুরা, 
  • রায়গঞ্জ-ইটাহার, 
  • গাজোল-ইটাহার, 
  • ইটাহার-বুনিয়াদপুর, 
  • চালসা-নকশাল, 
  • রাজাভাতখাওয়া-জয়ন্তিয়া এবং 
  • রায়গঞ্জ-ডালখোলা

রাহুল সিনহার প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেলমন্ত্রী জানান, ১ এপ্রিলের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে ৬৩টি রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলির মধ্যে ১৪টি নতুন লাইন, গেজ পরিবর্তনের ৪টি প্রকল্প এবং ৪৫টি রেল প্রকল্পে দ্বিতীয় বা তৃতীয় লাইন বসানোর প্রকল্প রয়েছে। মোট ৫,১৪৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পগুলি বাস্তবায়নে ব্যয় হবে ৮৩,৪৩৩ কোটি টাকা। এর মধ্যে ১,৭২১ কিলোমিটার রেলপথের কাজ শুরু হয়েছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এই প্রকল্পগুলিতে ব্যয় হয়েছে ২৭,৯৪৯ কোটি টাকা। 

রাজ্যের রেল পরিকাঠামো ও নিরাপত্তার জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে বাজেট বরাদ্দ করা হয়েছে ১৪,২০৫ কোটি টাকা। ২০০৯-১৪ সময়কালে রাজ্যের জন্য সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা হত গড়ে প্রতি বছর ৪,৩৮০ কোটি টাকা। মন্ত্রী আরও জানান, সেবক-রংপো, তারকেশ্বর-বিষ্ণুপুর এবং বালুরঘাট-হিলির মধ্যে নতুন লাইন বসানোর কাজ চলেছে। এছাড়াও বেশ কিছু রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন বসানো হচ্ছে। 


 

POST A COMMENT
Advertisement