রেল স্টেশনে হলুদ দাগে দু'রকম চিহ্ন কেন থাকে?বিশ্বের দীর্ঘতম রেলপথগুলির মধ্যে ভারতীয় রেল চতুর্থ স্থানে রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে সফর করে নিজস্ব গন্তব্যে যান। যাত্রীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নেয় ভারতীয় রেল। বিভিন্ন স্টেশনে থাকা হলুদ দাগগুলি আসলে তেমনই একটি উদ্যোগের উদাহরণ।
যদিও অধিকাংশ সময়ই বহু মানুষ এই হলুদ রেখাগুলি দেখেও এড়িয়ে চলেন, তবে আদতে এই দাগগুলিতে রয়েছে বিশেষ রহস্য। ঠিকমতো লক্ষ্য করলে দেখা যাবে এই হলুদ দাগ মূলত দু রকমের হয়। একটি হলদু দাগে থাকে গোলাকার উঁচু দাগযুক্ত ‘ব্লিস্টার ডট’। অন্য হলুদ রেখাটিতে লম্বা দাগ বা ‘গাইডিং বার’। এগুলির কাজ আসলে আলাদা আলাদা। কিন্তু কী কাজে লাগে এই হলুদ ত্রিমাত্রিক ডটেড রেখাগুলি?
হলুদ রঙের রেখার ডিজাইন আলাদা থাকার কারণ জানুন
লম্বা ডিজাইন:
স্টেশনের মেঝেতে থাকা হলুদ রঙের লম্বা দাগের মতো ডিজাইনগুলিকে ‘গাইডিং বার’ বলা যেতে পারে। দৃষ্টির ক্ষেত্রে যে ব্যক্তিরা বিশেষ ভাবে সক্ষম, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী। লাঠির সাহায্যে এই লম্বা ডিজাইন অনুভব করে তাঁরা রাস্তা বুঝতে পারেন। এই রেখা বরাবর রাস্তা ধরে তারা লিফট, টিকিট কাউন্টার বা প্ল্যাটফর্মে নিরাপদে পৌঁছতে পারেন।
গোল স্পটেড ডিজাইন:
স্টেশনের মেঝেতে থাকা হলুদ রঙের রেখায় থাকা গোলাকার উঁচু ডিজাইনগুলিকে ‘ব্লিস্টার ডট’ বলা যেতে পারে। এটি আসলে বিপদ সংকেত। প্ল্যাটফর্মের শেষ ভাগ, সতর্কতা চিহ্ন বিপদের ইঙ্গিত দেয়। প্ল্যাটফর্মের প্রান্ত, সিঁড়ি বা গুরুত্বপূর্ণ মোড়ের আগে এই ধরনের চিহ্ন থাকে। ফলে লাঠির সাহায্যে দৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা এই চিহ্ন বুঝে সতর্ক হতে পারেন।
রেলের তরফে মনে করা হয়, এই ধরনের স্পর্শনির্ভর চিহ্নগুলি দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই বিভিন্ন স্টেশনে এই চিহ্নগুলির ব্যবহার বাড়ানো হচ্ছে।