SIR এবং সেনসাসবাংলায় SIR-এর কাজ একবারে শেষের পথে। ২৮ ফেব্রুয়ারি বেরিয়ে গিয়েছে ফাইনাল ভোটার লিস্ট। এখন একের পর এক সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হচ্ছে। তাতে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের নামের নিষ্পত্তি করছে কমিশন। আর সেই কাজও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে খবর।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ফাইনাল ভোটার লিস্ট এবং সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আর যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের মনে উঁকি দিচ্ছে একাধিক প্রশ্ন। আর তেমনই একটা প্রশ্ন হল, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে সেনসাসে নাম তোলা যাবে তো? নাকি সেখান থেকেও নাম বাদ দিয়ে দেওয়া হবে? আর এই প্রশ্নটার উত্তরই দিয়েছেন রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়া তথা সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার।
কী হবে?
এই প্রশ্নের উত্তরে মৃত্যুঞ্জয় জানান, SIR এবং জনগণনা দু'টি আলাদা বিষয়। দু'টির মধ্যে কোনও সম্পর্কেই নেই। একটির তথ্য অন্যটির সঙ্গে ভাগ করে নেওয়া হবে না।
অর্থাৎ সরাসরি উত্তর না দিলেও তিনি বুঝিয়ে দিলেন যে SIR-এ নাম বাদ গেলেও চিন্তা নেই। জনগণনাতে সেই সব ভোটারের নামও থাকবে।
নাগরিকত্ব শেষ?
নির্বাচন কমিশন একাধিকবার জানিয়েছে, SIR-এ নাম বাদ গেলেও নাগরিকত্ব যাবে না। নাগরিকত্ব যাওয়ার সঙ্গে SIR-এর কোনও সম্পর্ক নেই। তাই নাম বাদ গেলেই খুব বেশি ভয় পাবেন না।
জনগণনা শুরু...
আজ থেকেই দেশে জনগণনা শুরু হল। আদমসুমারি ২০২৭-এর প্রথম পর্যায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেল। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে বর্তমানে ঠিক কত জনসংখ্যা, এই গণনার পরই জানা যাবে। এবারের জনগণনা মূলত ডিজিটালি হবে। অর্থাত্ নাগরিকরা নিজেরাই এনুমারেশন করতে পারবেন। যাকে বলা হচ্ছে, সেল্ফ এনুমারেশন। আর সেটাই এবারের আলোচ্য বিষয়।
মাথায় রাখতে হবে, স্বাধীনতার পর এই নিয়ে অষ্টম জনগণনা দেখছে ভারত। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরই সামনে আসবে জনগণনার তথ্য।
আর এবারের জনগণনায় দেশের মানুষ স্মার্টফোনেই সব ডেটা সাবমিট করা যাবে। এমনকী এনুমারেটররা ফোনেই তথ্য সংগ্রহ করতে পারবেন। এবার আর কাগজের নথিপত্র নিয়ে ঝক্কি নেই। পাশাপাশি বাংলা সহ ১৬টি ভাষায় সেল্ফ এনুমারেশন করতে পারবেন মোবাইলে অ্যাপের মাধ্যমে। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে সব তথ্য নিজেরাই দেওয়া যাবে। এরপর একটি ইউনিক সেল্ফ এনুমারেশন আইডি ক্রিয়েট হবে।