যুবসাথী অ্যাপ্লিকেশন বাতিল হবে কেন? রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে যুবসাথী ক্যাম্প। লম্বা লাইন দিয়ে ফর্ম তোলার পাশাপাশিই অনলাইনেও চলছে ফিলআপ। প্রথম ২ দিনেই যুবসাথী প্রকল্পের জন্য ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। কিন্তু আবেদন করলেও আপনার যুবসাথী প্রকল্পের টাকা না-ও পেতে পারেন। জানেন কেন? কোন ভুলের জন্য হাতছাড়া হতে পারে এই বেকার ভাতা?
আবেদনপত্র জমা করার পর সত্যিই আবেদনকারী কর্মহীন অথবা বেকার কি না তা বেশ কয়েকটি উপায়ে খতিয়ে দেখা হবে। প্রথমত, আবেদনকারী যদি কোনওভাবে PF অথবা ESI-এর সুবিধা পেয়ে থাকেন তবে সংশ্লিষ্ট আবেদনকারীর যুবসাথী অ্যাপ্লিকেশন বাতিল করা হবে।
দ্বিতীয়ত, সরকার ইতিমধ্যেই জানিয়েছে, সরকারি স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে৷ কিন্তু অন্য কোনও সরকারি ভাতা পেলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না। অর্থাৎ ২১-৪০ বছর বয়সী কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের সুবিধাভোগী হয়ে তারপর যুবসাথীর জন্য আবেদন করে থাকেন, তবে তা গ্রহণযোগ্য হবে না।
এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী একজন আবেদনকারী ৫ বছরে সর্বাধিক ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এই সময়ের মধ্যে তাঁর কোনও কর্মসংস্থান হলে তা সরকারকে জানাতে হবে। তথ্য গোপন করে যুবসাথীর সুবিধা ভোগ করে যেতে থাকলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।
তবে নবান্ন সূত্রে খবর, আপাতত যুবসাথীর আবেদন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করার উপরেই জোর দেওয়া হচ্ছে৷ আবেদনে অনুমোদন অথবা খারিজ হওয়ার ক্ষেত্রে কী কী শর্ত মানা হবে, তা এখনও আলোচনার মধ্যে রয়েছে। পরবর্তীতে সেই বিষয়গুলিও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলেই জানা যাচ্ছে।