ভাইরাল ঝরনা তিনি লেখাপড়া জানেন না। তাতে কী? ফোন চালাতে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, কন্ট্যাক্ট লিস্টে নামও সেভ করে রাখতে পারেন। যদিও তা হরফে নয়, ইমোজিতে। পশ্চিমবঙ্গের সেই পরিচারিকা এখন ভাইরাল। তাঁর কর্মকাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন সেই ভিডিও দেখে। তাঁরা ঝর্না নামে সেই মহিলার উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে পারেননি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা ঝর্না তাঁর মোবাইলে নাম সেভ সেভ করছেন। সেজন্য তিনি ব্যবহার করছেন বিভিন্ন ধরনের ইমোজি। মজার বিষয় হল সেই সব ইমোজি দেখেই তিনি বুঝে যান কাকে ফোন করছেন বা কোন ইমোজি থেকে কার কাছে ফোন যাবে।
যেমন, অনিতা ভার্মার নম্বর সেভ করা রয়েছে রাজহাঁসের ইমোজি দিয়ে। আবার অন্য এক পরিচিতর নম্বরের পাশে রয়েছে মন্দিরের ইমোজি। হাসি মুখে ঝর্না জানান, এমন ইমোজির কারণ সেই বাড়ির কাছেই নাকি মন্দির আছে।
ঝরনা বলেন, 'আমি লেখাপড়া জানি না। সেই কারণে নিজের সুবিধামতো এভাবে নম্বর সেভ করে রাখি। প্রতিটি ইমোজি আমার চেনা। সেজন্য কাউকে ফোন করতে অসুবিধে হয় না।'
ভিডিওটি শেয়ার করে অনিতা লেখেন, 'শিক্ষিত না হলেও সত্যিই বুদ্ধিমতী ঝরনা। বাস্তবে তো দক্ষতা আসল।'
এদিকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ ঝরনাকে জিনিয়াস বলেছেন। তাঁদের মতে, এই ঘটনা প্রমাণ করে বুদ্ধিমত্তা সবসময় লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন সমস্যার সমাধান করার ক্ষমতার মধ্যেই তার আসল প্রকাশ।