যশ মাহেশ্বরী ছটপুজোয় বিহারের মহিলাদের সিঁথি রাঙা হয় কমলা সিঁদুরে। এই সিঁদুর পরার ঐতিহ্য নিয়ে অশ্লীল মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান যশ মাহেশ্বরী। তাঁর মন্তব্য ঘিরে বিহারজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি কমেডিয়ানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও উঠেছে। যদিও বিতর্কের মুখে ভিডিও বার্তা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যশ। তবে তাতেও ক্ষোভ কমেনি। এ বার তাঁর বিরুদ্ধে FIR দায়ের করল পটনা পুলিশ।
পটনা সাইবার পুলিশ স্টেশনে যশ মাহেশ্বরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১), ৭৯, ৩৫১ এবং ৩৫২ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি ও ৬৬ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের বক্তব্য, বিহারের মহিলাদের নিয়ে করা আপত্তিকর মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি করতে পারে।
বিহারের মহিলাদের সিঁদুর নিয়ে কী বলেছিলেন যশ?
গত ২১ নভেম্বর নিজের ইউটিউব চ্যানেলে 'Morally Questionable | Standup Comedy' শিরোনামে ২১ নভেম্বর ভিডিও আপলোড করা হয়েছিল। সেখানে ছটপুজোর সময় বিহারের মহিলাদের নাক থেকে সিঁথি পর্যন্ত লম্বা করে কমলা রঙের সিঁদুর পরার ঐতিহ্য নিয়ে কটাক্ষ করেন যশ মাহেশ্বরী। সিঁদুরের দৈর্ঘ্যের সঙ্গে পুরুষের যৌনাঙ্গের তুলনা করেন তিনি। এমনকী, ওই সিঁদুর পরা মহিলাদের ভগবান হনুমানের সঙ্গেও তুলনা করেন। তাঁর কটাক্ষ ছিল, কেউ কী ভাবে তাঁর বাড়ির আশপাশে হনুমানের মতো দেখতে হয়ে ঘুরে বেড়াচ্ছেন!
উল্লেখ্য, ছটপুজো সূর্যদেব এবং ছটি মাইয়ার উদ্দেশে উৎসর্গ করা একটি উৎসব। এই পুজোর সময়ে বিবাহিত মহিলারা ঐতিহ্য মেনে নাক থেকে সিঁথি পর্যন্ত লম্বা করে কমলা রঙের সিঁদুর পরেন। স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনার সঙ্গে এই প্রথা জড়িত।
অন্য একটি ভিডিও ক্লিপে যশ মন্তব্য করেন, 'বিহারের মহিলাদের হরিয়ানার পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়া উচিত। কারণ, বিহারের মহিলারা মার খেতে পছন্দ করেন এবং হরিয়ানার পুরুষরা মহিলাদের মারতে পছন্দ করেন।' অনুষ্ঠানে তাঁর এই মন্তব্যে দর্শকদের একাংশ হাসি ও হাততালি দিলেও সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। বিহারের মহিলা, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যকে অপমান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রাজনীতিবিদ, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষও আইনি পদক্ষেপের দাবি জানান।
BJP নেত্রী তথা বিহারের প্রাক্তন মুখিয়া ঋতু জয়সওয়াল যশ মাহেশ্বরীর বিরুদ্ধে রাজ্যের প্রতিটি জেলায় FIR দায়েরের দাবি জানিয়েছেন। X-এ হিন্দিতে একটি পোস্টে তিনি লেখেন, 'ছটের মতো মহান উৎসব এবং ছটের ব্রত পালনকারী মহিলাদের নিয়ে যিনি অশ্লীল রসিকতা করেছেন, তাঁর বিরুদ্ধে বিহারের প্রতিটি জেলায় মামলা দায়ের করা উচিত। কঠোর আইনি পদক্ষেপ করা প্রয়োজন।' তিনি আরও লেখেন, 'ছটের সঙ্গে জড়িত মানুষের বিশ্বাস এবং পরিচয়কে খাটো করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না।'
কংগ্রেস নেতা তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভিও এই ঘটনায় পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর বক্তব্য, 'বিবাহিত মহিলাদের নিয়ে অশ্লীল মন্তব্য এবং তাঁদের সিঁদুরকে উপহাস করা আসলে সাংস্কৃতিক মর্যাদা ও নারীর সম্মানের উপর ন্যক্কারজনক আঘাত। কমেডির নামে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।' X-এ তিনি লেখেন, 'সাংবিধানিক স্বাধীনতার সঙ্গে সবসময় দায়িত্বও জড়িত থাকে।' সুপ্রিম কোর্টের আইনজীবী অমিতা সচদেবও যশকে আইনি নোটিস পাঠানোর কথা জানিয়েছেন। তাঁর দাবি, ২৪ ঘণ্টার মধ্যে নোটিসের নির্দেশ মেনে চলতে হবে। তা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। তিনি লেখেন, 'বিহারের মহিলাদের সিঁদুর পরার ঐতিহ্য এবং ছটপুজো নিয়ে অশ্লীল মন্তব্যের জন্য যশ মাহেশ্বরীকে আইনি নোটিস পাঠানো হয়েছে। বিশ্বাস, সংস্কৃতি এবং মহিলাদের সম্মানের প্রশ্নে কোনও আপস করা যায় না।'
ক্ষমা চেয়েও রেহাই নেই! কী বললেন কমেডিয়ান?
বিতর্কের মুখে ২৪ নভেম্বর সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে ৯৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন যশ মাহেশ্বরী। সেখানে তিনি বলেন, 'কোনও ধর্মীয় ভাবাবেগ, উৎসব বা কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না। হয়তো সম্পূর্ণ ভুল আমারই। এই ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর এমন কোনও কনটেন্ট প্রকাশ করব না।' পাশাপাশি ট্রোলের মুখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করে দিয়েছেন তিনি। কিন্তু ক্ষমা চাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা অব্যাহত রয়েছে। অনেকের প্রশ্ন, একটি সম্পূর্ণ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যকে উপহাস করার পর শুধু ক্ষমা চাইলেই কি সব দায় শেষ হয়ে যায়?