ছিন্নমস্তার ভাইরাল নাচ দশমহাবিদ্যার ষষ্ঠতম রূপের নাম দেবী ছিন্নমস্তা। আদ্যাশক্তি মহামায়ার ভয়ঙ্করতম রূপগুলির মধ্যে অন্যতম এই রূপ। এক হাতে তিনি নিজেরই কাটা মুণ্ডু ধরে থাকেন। আর অন্যহাতে থাকে ধারালো তরবারি। কণ্ঠনালীর কাটা অংশ থেকে তিনটে ধারায় ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্ত। এই ভয়াল রূপ নাট্যমঞ্চে ফুটিয়ে তোলা হয় সম্প্রতি। ছিন্নমস্তা বেশে মঞ্চে পারফর্ম করেন দেবরাজ চৌধুরী। কিন্তু বিতর্কের সূত্রপাত তাঁর সজ্জা। এলোকেশি ছিন্নমস্তার নিম্নাংশে তেমন ভাবে কোনও কাপড় ছিল না। নৃত্যের সময়ে ইচ্ছাকৃত চুলের অংশ সরিয়ে পশ্চাদদেশ দর্শকদের সামনে উন্মুক্ত করেন নৃত্যুশিল্পী। যা ভিডিও আকারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নানামহল থেকে আসছে সমালোচনা। শিল্পীকে কটূক্তির পাশাপাশি এভাবে দেবীরূপের অপমান নিয়েও সরব একাংশ।
সোশ্যাল মিডিয়া যেমন প্রতিভার খোঁজ দেয়, তেমনই শিল্পীকে মুহূর্তের মধ্যে ট্রোল করতেও ছাড়ে না। লাইক-কমেন্ট, শেয়ার বাড়ানোর চক্করে অধিকাংশ ক্ষেত্রেই আজকাল কনটেন্ট মেকাররা নানাবিধ পারফর্ম করে থাকেন। অভিযোগ ওঠে, জনৈক ওই দেবরাজও দ্রুত ভাইরাল হওয়ার আকাঙ্খা নিয়েই নিজের পশ্চাদদেশ দেখিয়েছেন নাটকের মঞ্চে।
এই নৃত্যশিল্পীর নাচের প্রশংসা অনেকেই করেছেন কিন্তু তাঁর সজ্জা, ইচ্ছাকৃত ভাবে নগ্নতা প্রদর্শন করার তীব্র সমালোচনা হচ্ছে চতুর্দিকে। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কথা বলেও কটূক্তি করা হচ্ছে দেব রাজকে। মঞ্চে ছিন্নমস্তা রূপে নৃত্যু প্রদর্শনের সময়ে দর্শকদের দিকে পিছন ফিরে চুল সরিয়ে তিনি নিতম্ব দেখিয়েছেন। এই দৃশ্য মেনে নিতে পারেনি অধিকাংশই। ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা, এমনকী হুমকিও ধেয়ে আসছে শিল্পীর বিরুদ্ধে। নগ্নতা প্রকাশের জন্য, ভাইর হওয়ার জন্য দেবীকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোদ অধিকাংশের। অনেকে আবার দেব রাজের সাহসী সাজ এবং রূপসজ্জার প্রশংসাও করছেন।
সমস্ত বিতর্কের মাঝেই মুখ খোলেন খোদ নৃত্যশিল্পী। একটি ভিডিও পোস্ট করে দেবরাজ বলেন, '৮ অগাস্ট মোহিত মৈত্র মঞ্চে যে মহাবিদ্যা নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়েছিল, তাতে আমি ছিন্নমস্তা হয়েছিলাম। পরিচালকের কথা মেনেই দিগম্বরী হিসেবে আমি সাজপোশাক করেছিলাম। কিন্তু চুল সরিয়ে যে মুভমেন্ট আমি করেছিলাম, তা আমি ভাইরাল হওয়ার জন্য করিনি। উত্তেজনার বশে চুল সরিয়ে ওই মুভমেন্ট করেছি। কিন্তু উলঙ্গ অবস্থায় শো স্পটে থাকার সময়ে আমায় কেউ বারণ করেনি। প্রথম থেকেই ঠিক করা হয়েছিল, দেবী ছিন্নমস্তাকে নগ্ন দেখানো হবে।' তিনি আরও বলেন, 'আমি সকলের কাছে ক্ষমা চাইছি। চুল সরিয়ে ব্যাক পোর্শন হাইলাইট করার জন্য যাঁদের মনে আঘাত দিয়েছি, তাঁদের বলব, এটা ইচ্ছাকৃত ছিল না। যা করেছি তা অন্যায়। ভবিষ্যতে আর কখনও এমন ভুল করব না। চুল সরানো স্ক্রিপটেড ছিল না, ওটা আমার হটকারিতা। তবে লুক ক্রিয়েট আমার পরিচালক এবং প্রোডাকশন হাউসের নির্দেশেই করা হয়েছে।'