এই সেই ঘরমাসে ভাড়া ২৫ হাজার টাকা। অথচ সেই ঘরে দাঁড়ানো যায় না। হয় বসে থাকতে হয় বা শুয়ে। গলির মতো ছোট্ট সেই ঘরেই দিন কাটাতেন এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর। সেই ঘরের ভিতর নিজের জীবন যাপনের ভিডিও পোস্ট করে এখন তিনি ভাইরাল। দেখেশুনে অনেকে বলছেন, দুবাই বা ওই ধরনের ঝাঁ চকচকে শহরে অনেক ভারতীয় পরিযায়ী থাকেন। বাইরে থেকে দেখে তাঁদের জীবন-যাপন বিলাসবহুল মনে হলেও বাস্তবে যে তা কতটা কঠিন-সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ভিডিও।
'virenvlogsdubai' নামে পরিচিত এক কনটেন্ট ক্রিয়েটর সেই ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক ভারতীয় যুবক গত এক বছর ধরে ভাড়া নেওয়া তাঁর ছোট্ট ঘরটি দর্শকদের ঘুরিয়ে দেখাচ্ছেন। ভিডিওর শুরুতেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আজ আমি দেখাতে যাচ্ছি দুবাইয়ে আমার একটা ছোট্ট ঘর। এখানে আমি গত এক বছর ধরে রয়েছি।'
এরপর ভিডিওটিতে গোটা ঘরের ছবি দেখান সেই যুবক। দেখা যায়, সেখানে শোওয়ার একটা সরু পাটাতন। সেই ছোট্ট ঘরেই আছে এয়ার কন্ডিশন মেশিন, চার্জিং পয়েন্ট, জামাকাপড় রাখার জায়গা, একটি ব্যাগ ও ছোট্ট স্টোরেজ। ক্যামেরা ঘুরিয়ে ল্যাপটপ সেটআপ, লাইটিং সরঞ্জামও দেখান তিনি। জানান, কীভাবে অত অল্প জায়গার মধ্যে কাজকর্ম সামলান।
ওই কন্টেন্ট ক্রিয়েটর নিজেই জানান, তিনি ঘরের ভিতর দাঁড়াতেও পারেন না। এতটাই ছোটো। কিন্তু তাও তিনি সেখানে খুশি। নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী সবটা মানিয়ে নিয়েছেন।
কমেন্ট সেকশনে সেই যুবক জানিয়েছেন, তিনি এই ঘরের জন্য প্রতি মাসে ১ হাজার দিরহাম বা ২৫ হাজার টাকা ভাড়া দেন। বুরজুমান এলাকায় অবস্থিত ওই বাড়ির এলাকার মধ্যেই রয়েছে তাঁর রান্নাঘর ও বাথরুম।
এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এত কম জায়গার জন্য ২৫ হাজার টাকা ভাড়া কেন? প্রশ্ন তুলেছেন অনেকে। আর একজনের মন্তব্য, 'ভিডিওটি দেখার পর থেকে আমার
ক্লস্ট্রোফোবিয়া শুরু হয়ে গেল।'
ভিডিওতে কমেন্ট করেছেন অভিনেতা অপারশক্তি খুরানা। তিনি যুবকের প্রশংসার করেছেন। তাঁকে উৎসাহ জুগিয়েছেন। লিখেছেন, 'তুমি যে হাসিমুখে এই ভিডিওটি তৈরি করেছ, তা দেখে মনে হচ্ছে তুমি এই ছোট্ট জায়গাতে থেকেও খুব আনন্দে আছো। তুমি ভীষণ পজেটিভ। তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি এগিয়ে যাবেই। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল।'
সম্প্রতি ওই কনটেন্ট ক্রিয়েটর আরও একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, তিনি ফ্ল্যাটটি ছেড়ে দিচ্ছেন। কারণ তাঁর শেষ রিলটি একটি ভালো কাজের সুযোগ করে দিয়েছে। দেখেশুনে অনেকেই বলছেন, 'একই বলে সোশ্যাল মিডিয়ার শক্তি।'