Mr Beast-এর সঙ্গে বেসবল খেললেন Hardik Pandya, কত টাকা পেলেন?

হার্দিক পান্ডিয়া ক্রিকেট ছেড়ে বেসবল ব্যাট হাতে তুলে নেন, মিস্টারবিস্টকে হারিয়ে লক্ষ লক্ষ টাকা জিতে নেন এবং তারপর পুরো অর্থটাই দান করে দেন।

Advertisement
Mr Beast-এর সঙ্গে বেসবল খেললেন Hardik Pandya, কত টাকা পেলেন?Mr Beast-এর সঙ্গে বেসবল খেললেন Hardik Pandya।

ক্রিকেটের ব্যাট ছেড়ে হাতে বেসবলের ব্যাট! তাতেই বাজিমাত হার্দিক পাণ্ড্যর। জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টের চ্যালেঞ্জে নেমে প্রায় ৯৫ লক্ষ টাকা জিতলেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু জয়ের পর তাঁর সিদ্ধান্তই সবচেয়ে বেশি নজর কেড়েছে। পুরস্কারের পুরো টাকাই নিজের কাছে না রেখে দান করেছেন সমাজকল্যাণের কাজে। ক্রিকেটের বাইরের এই পারফরম্যান্সে নতুন করে আলোচনায় হার্দিক।

মিস্টার বিস্টের চ্যালেঞ্জ 
জিমি ডোনাল্ডসন, ওরফে ‘মিস্টার বিস্ট’, তাঁর নতুন ইউটিউব ভিডিয়োয় বিশ্বের একাধিক জনপ্রিয় ক্রীড়াবিদকে নিয়ে হাজির হয়েছেন। ভিডিয়োটির নাম ‘Beat Professional Athlete, Win $100,000’। সেখানে বাস্কেটবল তারকা লেব্রন জেমস, ফুটবলার এরলিং হালান্ড-সহ আরও অনেকে রয়েছেন। হার্দিককে দেওয়া হয়েছিল বেসবলের হোম রান চ্যালেঞ্জ। প্রতিপক্ষ স্বয়ং মিস্টার বিস্ট। লক্ষ্য ছিল, বল এমন ভাবে মারতে হবে যাতে তা মাঠের বাইরে চলে যায়।

প্রথমবার বেসবল খেলেই বাজিমাত
চ্যালেঞ্জের আগে হার্দিক জানান, এর আগে কখনও বেসবল খেলেননি তিনি। অন্য দিকে, মিস্টার বিস্টের ছোটবেলায় এই খেলার অভিজ্ঞতা ছিল। তবু ক্রিকেটের শক্তিশালী শট মারার অভ্যাস কাজে লাগান ভারতীয় অলরাউন্ডার। তিনটি বল মাঠের বাইরে পাঠিয়ে চ্যালেঞ্জ জিতে নেন তিনি। পুরস্কার হিসাবে পান ১ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯৪.৯ লক্ষ টাকা। এই পর্বে ভারতীয় ইউটিউবার ক্যারিমিনাটিও উপস্থিত ছিলেন।

কারা টাকা পাবেন?
জয়ের পর হার্দিক জানান, পুরো পুরস্কারমূল্য দান করবেন তিনি। এই অর্থের সাহায্য পৌঁছবে অসহায় শিশুদের কাছে। পাশাপাশি পথকুকুরদের দেখভালের কাজেও ব্যবহার করা হবে টাকা। এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে ADAPT এবং Community Streeties India-র মতো সংস্থা।  

ক্রিকেটে কবে ফিরবেন?
অন্য দিকে, হার্দিকের ক্রিকেটে ফেরা নিয়েও প্রশ্ন রয়েছে। ২৪ মে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। পরে চোটের কারণে একাধিক আন্তর্জাতিক সিরিজ থেকে ছিটকে যান। নিউ জ়িল্যান্ড সফরেও নেই তিনি। ফলে তাঁর ফিটনেস এবং প্রত্যাবর্তনের দিকে নজর ক্রিকেটমহলের। আপাতত মাঠের বাইরে থেকেও অন্য কারণে শিরোনামে হার্দিক। 

Advertisement

POST A COMMENT
Advertisement