আদিম যুগের পরিষ্কার থাকার পদ্ধতি জানলে অবাক হবেন!সাবান, শ্যাম্পু বা বডি ওয়াশ ছাড়া আধুনিক মানুষের স্নান হয় না। কিন্তু হাজার হাজার বছর আগে এসবের কোনও অস্তিত্ব ছিল না। তা বলে কি প্রাচীন মানুষ অপরিষ্কার থাকতেন? একেবারেই নয়। বরং শরীর পরিষ্কার রাখতে তাঁরা ব্যবহার করতেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। কিছু পদ্ধতি জানলে অবাক হবেন আপনিও।
জলই ছিল পরিষ্কার থাকার প্রথম উপায়
সাবান তৈরির আইডিয়া আসার অনেক আগে থেকেই মানুষ নদী, পুকুর ও ঝরনার জলে স্নান করত। জল দিয়ে শরীরের কাদা, ধুলো ও ঘাম পরিষ্কার করাই ছিল প্রধান উপায়। প্রাগৈতিহাসিক যুগে মানুষ কী কী ব্যবহার করত, তার নির্দিষ্ট প্রমাণ অবশ্য খুবই কম। তবে প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাকৃতিক উপাদান দিয়ে শরীর পরিষ্কারের অভ্যাস বহু পুরনো।
ছাই, বালি আর মাটি দিয়ে স্নান
প্রাচীন গ্রিস ও রোমে শরীর পরিষ্কারের জন্য বালি, বিশেষ ধরনের মাটি, কাঠের ছাই এবং ঝামাপাথর ব্যবহার করা হত। এগুলি দিয়ে শরীর ঘষে ময়লা তোলা হত। অনেক সময় স্নানের পরে গায়ে মাখা হত সুগন্ধি তেল। গ্রিক ও রোমানরা বিশেষ একটি সুক্ষ ধাতুর ঝামা দিয়ে শরীরের তেল ও ময়লা ঘষে তুলে ফেলতেন। যন্ত্রটির নাম ছিল স্ট্রিজিল।
গাছের তেল ও ছাই দিয়ে তৈরি হয়েছিল প্রথম সাবান
প্রাচীন মেসোপটেমিয়া ও ব্যাবিলনে তেল বা পশুর চর্বির সঙ্গে গাছের ছাই মিশিয়ে সাবান জাতীয় মিক্সচার তৈরি করা হত। প্রায় ২৮০০ খ্রিস্টপূর্বাব্দের ব্যাবিলনীয় নিদর্শনে এমন সাবানের মতো পদার্থের হদিশ মিলেছে। প্রাচীন মিশরেও তেল, চর্বি ও ক্ষারীয় লবণ মিশিয়ে স্নানের উপাদান তৈরি করা হত।
ভারতে কীসের চল ছিল?
সিন্ধু সভ্যতায় প্রায় পাঁচ হাজার বছর আগে উন্নত স্নানঘর ও নিকাশি ব্যবস্থা ছিল। ইতিহাসে তা অনেকেই পড়েছেন।মহেঞ্জোদড়োয় বিশাল স্নানাগার পাওয়া গিয়েছিল। স্নান যে জীবনের কত গুরুত্বপূর্ণ অংশ ছিল, এটাই তার প্রমাণ। অর্থাৎ সাবান না থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝতেন প্রাচীন মানুষ। সময়ের সঙ্গে বদলেছে সাবানের উপকরণ ও স্নানের পদ্ধতি। কিন্তু মানুষের যে পরিচ্ছন্ন থাকার প্রবণতা, তা মোটেও নতুন নয়।