কীভাবে বানাবেন নিজের ব্যঙ্গচিত্র? ঠিক আপনারই মুখের আদলে তৈরি হয়ে যাচ্ছে আপনার কার্টুন ভার্সন। পেশা, নেশার খবর নিয়ে সেই কার্টুন ভার্সন হয়ে উঠছে আপনারই রেপ্লিকা। আচমকাই এই নয়া ট্রেন্ডে গা ভাসিয়েছে নেটিজেনরা। নেপথ্যে সেই AI।
কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে লাল শাড়ি পরা মহিলাদের ছবিতে সোশ্যাল ফিড ভরে ওঠার পর এবার নয়া ট্রেন্ড 'ক্যারিকেচার'। 'স্টুডিও ঘিবলি' সংস্করণের পর এবার ChatGPT নিয়ে এল নয়া সৃজনশীল ট্রেন্ড, যার নাম দেওয়া হয়েছে 'ক্যারিকেচার'। গত কয়েকদিন ধরে ChatGPT-র এই নয়া ট্রেন্ড রাতারাতি ভাইরাল হয়ে উঠেছে। নেটপাড়ায় উঁকি মারলেই দেখা যাচ্ছে নিজেদের 'ক্যারিকেচার' বা ব্যঙ্গচিত্র পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যা দেখতে হুবহু তাঁদের মতোই। আবার সেই ব্যঙ্গচিত্রকে তাঁদের পেশা অনুযায়ী পোশাক পরানো হয়েছে। দেওয়া হয়েছে পছন্দসই সরঞ্জামও।
'স্টুডিও ঘিবলি' এবং 'ন্যানো বানানা'-র তুলনায় 'ক্যারিকেচার' সম্ভবত অনেক কম জটিল। এর প্রপ্টিংও অনেক সহজ। ফলে চটপট নিজেদের ব্যঙ্গচিত্র তৈরি করে শেয়ার করছেন নেটিজেনরা। কিন্তু কীভাবে হুবহু আপনার মতোই ব্যঙ্গচিত্র তৈরি করে ফেলছে ChatGPT? কী প্রপ্ট দিচ্ছে হচ্ছে AI-কে?
কীভাবে বানাবেন ChatGPT ক্যারিকেচার?
গোটা প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলেই তৈরি হয়ে যাবে ক্যারিকেচার।
> ছবি বাছাই: প্রথমে একটি স্পষ্ট এবং ভাল সেলফি বা ক্লোজ আপ ছবি বেছে নিন। ফিল্টারবিহীন ছবি হলে AI ভাল ক্যারিকেচার তৈরি করতে পারবে।
> সঠিক প্রম্পট: 'Create a caricature of me and my job based on everything you know about me.'
> আর কী কী লিখবেন: চাইলে আপনার নির্দিষ্ট পেশা, হবি, মুড কিংবা স্টাইল লিখতে পারেন প্রম্পট।
> সাবমিট এবং ডাউনলোড: প্রম্পট সাবমিট করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। ChatGPT আপনার পছন্দমতো ক্যারিকেচার তৈরি করে দেবে। তারপর সেটি ডাউনলোড করে নিন।