চমকাই পিছন থেকে দ্রুতগতিতে ছুটে এল একটি চারচাকা। রাস্তার ধারে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। পাশেই দাঁড় করানো ছিল একটি গাড়ি। আচমকাই পিছন থেকে দ্রুতগতিতে ছুটে এল একটি চারচাকা। সোজা ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে। ধাক্কার অভিঘাতে কয়েক মিটার দূরে ছিটকে গেল সেটি। আর সেই গাড়ির ধাক্কাতেই আহত হলেন পথচলতি মহিলা। অন্য দিকে, দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো চারচাকাটিও রাস্তার মাঝখানে উল্টে গেল। হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ের এই ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
দেখুন ভিডিও:
ঘটনাটি ঘটেছে নালাগড়ের দত্তোওয়াল এলাকায়। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার পুরো ছবি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক মহিলা। তাঁর কাছেই দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। সেই সময় আচমকা দ্রুতগতিতে একটি চারচাকা এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে। ধাক্কার জেরে গাড়িটি কার্যত ছিটকে গিয়ে মহিলার গায়ে লাগে।
সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ধাক্কা মারা গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় রাস্তার স্বাভাবিক ছবি। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়েরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মহিলার আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
কী ভাবে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির চালক, দুর্ঘটনার পরিস্থিতি এবং অন্য বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এই ঘটনা ফের এক বার পথনিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে জনবহুল এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালালে পথচারীদের কতটা বিপদের মুখে পড়তে হয়, নালাগড়ের দুর্ঘটনা তারই উদাহরণ।