বাড়িটির থেকেও বেশি চমকপ্রদ হল সেখানে পৌঁছনোর ব্যবস্থা।উঁচু টিলায় বাড়ি। যাওয়ার রাস্তা নেই। কুছ পরোয়া নেহি। ব্রিজ বানিয়ে নিলেই হল! আসলে টাকা আর শখ থাকলে যে কোনওকিছুই অসম্ভব নয়, তারই প্রমাণ মিলল এক ভাইরাল ভিডিয়োতে। উঁচু জায়গার উপর বিশাল সাদা বাড়ি। দূর থেকে দেখলে অনেকটা প্রাসাদের মতোই মনে হচ্ছে। কিন্তু বাড়িটির থেকেও বেশি চমকপ্রদ হল সেখানে পৌঁছনোর ব্যবস্থা।
দেখুন সেই ভিডিও:
ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিচ দিয়ে চলে গিয়েছে মূল রাস্তা। আর সেই রাস্তা থেকে অনেকটা উঁচুতে রয়েছে বাড়িটি। সাধারণ ভাবে এমন জায়গায় বাড়ি তৈরি হলে সেখানে যাওয়ার জন্য রাস্তা বা ঢালু পথ থাকার কথা। কিন্তু ভিডিয়োয় তেমন কোনও সাধারণ পথ চোখে পড়ছে না। তার বদলে মূল রাস্তা থেকে বাড়ির সীমানা এবং প্রধান ফটকের দিকে উঠে গিয়েছে একটি দীর্ঘ কংক্রিটের কাঠামো। সেটিকে অনেকেই সেতুর সঙ্গে তুলনা করছেন।
এই দৃশ্যই সমাজমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। অনেকে মজা করে বলছেন, যেখানে রাস্তা পাওয়া যায়নি, সেখানে বাড়ির মালিক নিজেই রাস্তা বানিয়ে নিয়েছেন। আবার কারও মন্তব্য, সাধারণ মানুষ রাস্তা খোঁজেন। আর সামর্থ্য থাকলে নিজের প্রয়োজন মতো রাস্তা তৈরি করে নেওয়া যায়!
তবে ভাইরাল ভিডিয়োটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। ভিডিয়োটি ঠিক কোথাকার, বাড়িটির মালিক কে এবং ওই কংক্রিটের কাঠামো কেন তৈরি করা হয়েছে, তার নির্ভরযোগ্য তথ্য এখনও সামনে আসেনি। ফলে সমাজমাধ্যমে যে দাবি ছড়াচ্ছে, সেটিকে আপাতত নিশ্চিত খবর হিসেবে দেখা যাচ্ছে না।
বাড়ি না কি প্রাসাদ?
ভাইরাল ছবিতে যে বাড়িটি দেখা যাচ্ছে, সেটি আকারে বেশ বড়। সাদা রঙের বাড়িটি উঁচু জায়গায় তৈরি। চারপাশের পরিবেশও বেশ আলাদা। ফলে প্রথম দেখায় অনেকেরই নজর আটকে যাচ্ছে।
তবে বাড়িটি সত্যিই পাহাড়ের উপর তৈরি কি না, সেটিও ভিডিয়ো দেখে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। ভিডিয়োতে বাড়ির অবস্থান এবং রাস্তার উচ্চতার পার্থক্য স্পষ্ট হলেও জায়গাটির পরিচয় জানা যায়নি।সবচেয়ে বেশি আলোচনা অবশ্য বাড়িতে পৌঁছনোর পথ নিয়ে। দীর্ঘ কংক্রিটের অংশটি রাস্তা থেকে সরাসরি বাড়ির গেটের দিকে চলে গিয়েছে। তাই সমাজমাধ্যমে অনেকে সেটিকে ‘প্রাইভেট ব্রিজ’ বলে মজা করছেন।