North Bengal Weather Update: ভোররাতের বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িয়া এক্সপ্রেস

North Bengal Weather Update: এক প্রত্যক্ষদর্শী জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের ওভারহেড লাইনের ওপর একটি বিশালাকার বটগাছের ডাল ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে বের হতে শুরু করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার জেরে হলদিবাড়ি স্টেশনেও সকালের দিকে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

Advertisement
ভোররাতের বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িয়া এক্সপ্রেসভোররাতের বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িয়া এক্সপ্রেস

North Bengal Weather Update: বৃহস্পতিবার ভোররাতের আচমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। প্রকৃতির এই তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নন্দনপুর বোয়ালমারি পঞ্চায়েতের তাঁতি অয়াড়া, ঠগপাড়া, বানিয়াপাড়া ও বোদাপাড়া এবং সংলগ্ন মণ্ডলঘাট ও কোরানিপাড়া এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎই ধেয়ে আসে এই বিধ্বংসী ঝড়। মুহূর্তের মধ্যে কয়েকশো ঘরবাড়ি তছনছ হয়ে যায়। উপড়ে পড়ে একের পর এক বিদ্যুতের খুঁটি ও বিশালাকার গাছ। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার, যার জেরে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এই ঝড়ের জেরে সকাল থেকেই হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি (এনজেপি) এবং শিলিগুড়ি জংশনগামী রেল পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় এবং ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় থমকে যায় ট্রেন চলাচল। ফলে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে এনজেপিগামী ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি সঠিক সময়ে না চলায় যাত্রীদের ক্ষোভ ও হয়রানি চরমে পৌঁছায়। তবে ঘটনার খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। উপড়ে পড়া গাছ ও ধ্বংসস্তূপ সরাতে দ্রুত নামানো হয় সিভিল ডিফেন্স কর্মীদের। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে রেল কর্তৃপক্ষ সকাল ৯টা নাগাদ ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করতে সক্ষম হয়। বর্তমানে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ জোরকদমে চলছে।

এদিকে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার মাঝেই এক অলৌকিক রক্ষা পাওয়ার ঘটনা ঘটেছে মণ্ডলঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। লোকো পাইলটের উপস্থিত বুদ্ধিতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেস। রেল সূত্রে খবর, খালি ট্রেনটি হলদিবাড়ি স্টেশনে দাঁড় করানো ছিল। ভোর সোয়া চারটে নাগাদ সেটি এনজেপির উদ্দেশে রওনা দেয়। কিন্তু মণ্ডলঘাট স্টেশনে পৌঁছাতেই ট্রেনটি ঝড়ের মুখে পড়ে। ট্রেনের লোকো পাইলট আরপি শা দূর থেকেই দেখতে পান যে, রেলগেটের কাছে লাইনের ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে। বিপদ বুঝে তিনি কালবিলম্ব না করে ইমার্জেন্সি ব্রেক কষেন। চালকের এই তৎপরতার কারণেই এক চরম বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের ওভারহেড লাইনের ওপর একটি বিশালাকার বটগাছের ডাল ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে বের হতে শুরু করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার জেরে হলদিবাড়ি স্টেশনেও সকালের দিকে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। বামনহাট ও বালুরঘাটগামী এক্সপ্রেস এবং স্থানীয় লোকাল ট্রেনগুলি সময়মতো ছাড়তে না পারায় দূর-দূরান্তের যাত্রীরা স্টেশনেই আটকে পড়েন। পরে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ওভারহেড তারের ওপর থেকে ডালপালা সরানোর কাজ শুরু করে। রেল কর্তৃপক্ষের আশ্বাস, দ্রুতই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।

তবে স্বস্তির খবর নেই আবহাওয়া দপ্তরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবারই ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট আরও বাড়বে, যা ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

 

POST A COMMENT
Advertisement